শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ , ০৩:০৯ পিএম
আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রস্তুত করছে ব্রাজিল দলের খেলোয়াড়রা। আর এই সময় ছুরি-কাচি নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন দেশটির পোস্টারবয় নেইমার জুনিয়র। তবে ২০২৬ বিশ্বকাপের দলে নেইমারকে চান তার সতীর্থ রদ্রিগো।
গত বুধবার চ্যাম্পিয়নস লিগের ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন রিয়াল মাদ্রিদ তারকা। তার মতে, ব্রাজিলিয়ানরা ২০২৬ বিশ্বকাপে নেইমারের জন্য অপেক্ষা করছে।
ইনজুরি নিয়ে খেলে সান্তোসকে অবনমনের হাত থেকে রক্ষা করেছেন নেইমার। এ নিয়ে খুশি রদ্রিগো, কারণ তার পছন্দের ক্লাব সান্তোস। রদ্রিগোর ভাষ্য, ‘এটা খুব ভালো খরব, সান্তোস প্রতিযোগিতায় টিকে রয়েছে। সেই সঙ্গে কোপা সুদামেরিকানার জন্য যোগ্যতা অর্জন করেছে, যা আমাদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে।
তিনি বলেন, ‘আমি সবসময় সান্তোসকে সমর্থন করি, তাদের খেলা দেখি’। এদিন রদ্রিগোকে নেইমার এবং সান্তোসে তার ভবিষ্যৎ সম্পর্কেও জিজ্ঞাসা করা হয়েছিল।
জবাবে রদ্রিগো বলেন, নেইমার যদি সান্তোসে থাকে ভালো থাকে এবং তার ক্যারিয়ারের জন্য ভালো হয়। তাহলে আমি খুশি। যদি অন্য কোথাও যায়, তাও আমি সবসময় তাকে শুভকামনা জানাব। কারণ, তাকে আগামী ৬ মাসের মধ্যে একটি লক্ষ্য অর্জন করতে হবে। ২০২৬ কাপে তাকে দেখতে চাই ব্রাজিলিয়ানরা।
সবশেষ দুই মাসের মতো সময় চোটে বাইরে থাকার পর গত ৯ নভেম্বর ফ্লামেঙ্গোর বিপক্ষে সান্তোসের হয়ে আবারও একাদশে ফিরেছিলেন নেইমার। তবে তিনি প্রত্যাশিত পারফরম্যান্স দিতে পারেননি; পুরো ম্যাচে মাত্র দুটি অন-টার্গেট শট নিতে পেরেছিলেন এবং ম্যাচের পাঁচ মিনিট বাকি থাকতে তাকে বদলি করে নেওয়া হয়।
এরপরই ৩৩ বছর বয়সী এই তারকা তীব্র সমালোচনার মুখে পড়েন, যা তার মানসিক স্বাস্থ্যের ওপর বড় প্রভাব ফেলে এবং তাকে সহায়তা নিতে বাধ্য করে। তবে পুরোপুরি সুস্থ না হয়েও সান্তোসের শেষ তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচে খেলেছেন তিনি।
সেই তিন ম্যাচে চার গোল ও একটি অ্যাসিস্ট করে সমালোচকদের চুপ করিয়ে দেন এবং নিজের ক্লাস আবারও প্রমাণ করেন।
পুরো মৌসুম জুড়ে লড়াই করে সান্তোস শুধু অবনমন এড়ায়নি, বরং নেইমারের শেষ দিকের দুর্দান্ত ফর্মের কারণে কোপা সুদামেরিকানার টিকিটও নিশ্চিত করেছে। মৌসুম শেষ হলেও নেইমারের মাথায় এখন অফসিজন পরিকল্পনা।
আরটিভি/এসআর