শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ , ১০:৩১ পিএম
অপ্রতিরোধ্য বৈভব সূর্যবংশী যেন রেকর্ড ভাঙাকে অভ্যাসে পরিণত করেছেন। আইপিএল থেকে ভারতের বয়সভিত্তিক ক্রিকেট—সব জায়গায়ই দাপট দেখানো এই ১৪ বছরের প্রতিভা এবার ঝড় তুললেন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে। শুক্রবার (১২ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাত্র ৯৫ বলে ১৭১ রানের বিস্ফোরক এক ইনিংস খেলে রেকর্ডবই তছনছ করে দেন তিনি।
মাত্র ৩০ বলে অর্ধশতক, ৫৬ বলে শতক এবং ৮৪ বলে দেড়শো পূর্ণ করে সূর্যবংশী প্রমাণ করেছেন, বয়স তাঁর প্রতিভার সামনে কোনো বাধা নয়। ৯টি চার ও ১৪টি বিশাল ছক্কার সাহায্যে সাজানো এই ইনিংস ভেঙে দেয় কয়েকটি এশিয়ান রেকর্ডও।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে এক ইনিংসে সর্বাধিক ছক্কার রেকর্ড এখন সূর্যবংশীর দখলে। তাঁর মারা ১৪টি ছক্কা ভেঙে দিয়েছে আফগানিস্তানের দারউইশ রাসুলির ২০১৭ সালের করা ১০ ছক্কার রেকর্ড।
শুধু এক ম্যাচ নয়, পুরো আসরেই রেকর্ড এখন তাঁর হাতে। রাসুলির করা ২২ ছক্কাকে ছাড়িয়ে সূর্যবংশীর মোট ছক্কার সংখ্যা দাঁড়িয়েছে ২৬।
ভারতের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে ক্রিকেটে এটি দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। তাঁর ওপরে আছেন কেবল আম্বাতি রায়ডু, যিনি ২০০২ সালে ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১৭৭ রান করেছিলেন।
এটি যুব ওয়ানডেতে সূর্যবংশীর দ্বিতীয় সেঞ্চুরি। গত জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন ১৪৩ রান। চলতি মাসেই সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বিহারের হয়ে মহারাষ্ট্রের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে নতুন মাইলফলক গড়েছেন।
মাত্র ১৪ বছর বয়সেই ভারতের ভবিষ্যৎ ব্যাটিং তারকা হিসেবে আলোচনায় উঠে এসেছেন বৈভব সূর্যবংশী। ধারাবাহিক পারফরম্যান্সে তিনি যে আরও বহু রেকর্ড ভাঙবেন এমনটাই প্রত্যাশা ভারতীয় সমর্থকদের।
আরটিভি/এসকে