অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া গ্রেড ক্রিকেটে ব্যাট হাতে এক ঝড় তুলে দিলেন নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস। আলটোনা স্পোর্টস ক্রিকেট ক্লাবের হয়ে ক্লেনজো গ্রুপ শিল্ডের ডিভিশন ওয়ানের চতুর্থ রাউন্ডে উইলিয়ামস ল্যান্ডিং এসসির বিপক্ষে মাত্র ৮১ বলে অপরাজিত ২২৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি। ১৪ চার ও অবিশ্বাস্য ২৩ ছক্কায় সাজানো এই ইনিংসটি গ্রেড ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেই।
ইনিংসের প্রথম ওভার থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন এই ডাচ উইকেটকিপার-ব্যাটসম্যান। চতুর্থ ওভারে ফাস্ট-বোলিং অলরাউন্ডার প্রিন্স চৌহানকে টানা তিনটি বাউন্ডারি হাঁকিয়ে আরও ভয়ংকর রূপ নেন তিনি। মাত্র ২৩ বলেই তুলে নেন অর্ধশতক।
১১তম ওভারে দলীয় রান ১৫০ ছুঁতেই এডওয়ার্ডস পৌঁছে যান শতকের খুব কাছে। ঠিক তখনই আউট হন ওপেনিং পার্টনার ও মেলবোর্ন স্টার্সের সাবেক ক্রিকেটার ল্যাকলান ব্যাঙ্গস। তিন বল পরে এক রান নিয়ে ব্যক্তিগত শতক পূর্ণ করেন এডওয়ার্ডস। যদিও গ্রেড ক্রিকেট অফিসিয়াল টি-টোয়েন্টির অন্তর্ভুক্ত না হওয়ায় এই সেঞ্চুরি তার ক্যারিয়ারের প্রথম স্বীকৃত টি-টোয়েন্টি সেঞ্চুরি হিসেবে বিবেচিত হবে না।
এর পর আর থামেননি এডওয়ার্ডস। ১৭তম ওভারে স্পর্শ করেন ১৫০ রানের মাইলফলক। ইনিংসের শেষ চার ওভারে তার ব্যাট থেকে আসে ১৪টি বাউন্ডারি, যার মধ্যে ১২টি ছিল ছক্কা! ১৬ ওভার শেষে আলটোনার সংগ্রহ ছিল ২১২/২। ইনিংসের শেষে স্কোরবোর্ডে ৩০৪/২, যেখানে একাই ২২৯ রান যোগ করেন এডওয়ার্ডস। তার স্ট্রাইক রেট ছিল ২৮২.৭১।
যদি এই ম্যাচটি অফিসিয়াল টি-টোয়েন্টি হিসেবে গণ্য হতো, তবে ২০১৩ সালে ক্রিস গেইলের ১৭৫*-এর বিশ্বরেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়তেন স্কট এডওয়ার্ডস। পেশাদার ক্রিকেটে এখনো সেঞ্চুরির দেখা না পাওয়া এডওয়ার্ডসের সর্বোচ্চ ইনিংস এর আগে ছিল ৯৯।
এডওয়ার্ডসের ঝড়ো ইনিংসে ভর করে আলটোনা স্পোর্টস ক্রিকেট ক্লাব ১৮৬ রানের বিশাল ব্যবধানে জয় পায়। জবাবে উইলিয়ামস ল্যান্ডিং এসসি মাত্র ১১৮ রানে গুটিয়ে যায়।
আরটিভি/এসকে



