images

খেলা / ফুটবল

রিয়াল শিবিরে দুঃসংবাদ, অনুপস্থিত থাকতে পারেন এমবাপ্পেসহ ১২ জন

শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ , ১১:১২ পিএম

প্রবল চাপের মধ্যে থাকা রিয়াল মাদ্রিদ কোচ জাভি আলোনসোর দুশ্চিন্তা আরও বেড়েছে। দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোট ও নিষেধাজ্ঞার কারণে স্কোয়াডের নিয়মিত খেলোয়াড়দের মধ্যে প্রায় ১২ জনকে না পাওয়ার শঙ্কায় রয়েছে স্প্যানিশ জায়ান্টরা।

চোটের কারণে নিশ্চিতভাবে অনুপস্থিত থাকছেন ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ড, দানি কার্ভাহাল, ডেভিড আলাবা, ফেরলঁদ মঁদি ও এডের মিলিতাও। নিষেধাজ্ঞার কারণে আলাভেসের বিপক্ষে খেলতে পারবেন না ফ্রান গার্সিয়া ও আলভারো কারেরাস। ফলে রক্ষণভাগে সাতজন খেলোয়াড়কে হারিয়ে রিজার্ভ দল থেকে ফুটবলার তুলে একাদশ সাজাতে হতে পারে আলোনসোকে।

রক্ষণেই শুধু নয়, দুশ্চিন্তা ছড়িয়েছে মিডফিল্ড ও আক্রমণভাগেও। মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা ও ফেদে ভালভার্দে এবং ডিফেন্ডার আন্তোনিও রুডিগার ও ডিন হাউসেনের খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

চোটে থাকা তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে অনুশীলনে ফিরলেও তার মাঠে নামা এখনও নিশ্চিত নয়। ইএসপিএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, হাঁটুর চোটের পাশাপাশি হাতের আঙুল ভাঙায় আলাভেসের বিপক্ষে ফরাসি ফরোয়ার্ডের খেলার সম্ভাবনা খুব কম। তবে হাঁটুর সমস্যা কমলে আসরের সর্বোচ্চ গোলদাতা দলের সঙ্গে ভ্রমণে যেতে পারেন।

আরও পড়ুন
gold

এশিয়ার প্যারা গেমসে বাংলাদেশের স্বর্ণ

লা লিগায় আগামী রোববার (১৪ ডিসেম্বর) অনুষ্ঠিতব্য এই ম্যাচটি রিয়াল মাদ্রিদ ও কোচ আলোনসোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে বর্তমানে চার পয়েন্ট পিছিয়ে রয়েছে রিয়াল। লিগে শেষ পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পাওয়ায় দলটির ওপর চাপ আরও বেড়েছে।

আরটিভি/এসকে