images

খেলা / ক্রিকেট

অ্যাডিলেড টেস্টের জন্য ইংল্যান্ডের একাদশ ঘোষণা

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ , ০২:৩১ পিএম

অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে আগামী ১৭ ডিসেম্বর (বুধবার) অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেডে মাঠে নামছে ইংল্যান্ড। সিরিজের প্রথম দুই টেস্টে পার্থ ও ব্রিসবেনে হারের পরও ইংল্যান্ড একাদশে বড় কোনো পরিবর্তন আনেনি টিম ম্যানেজমেন্ট। শেষ পর্যন্ত দলে এসেছে মাত্র একটি পরিবর্তন।

অস্ট্রেলিয়ার বেশিরভাগ ভেন্যু পেস সহায়ক হলেও অ্যাডিলেডের পিচ তুলনামূলকভাবে স্পিনবান্ধব হিসেবে পরিচিত। তবুও গুরুত্বপূর্ণ এই ম্যাচে ইংল্যান্ড দলে জায়গা পাননি অফ স্পিনার শোয়েব বশির। স্পিন বিভাগের দায়িত্ব আবারও দেওয়া হয়েছে অলরাউন্ডার উইল জ্যাকসের ওপর।

ইংল্যান্ডের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম আগেই ইঙ্গিত দিয়েছিলেন, ব্যাটিং ইউনিটের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে এবং একাদশে বড় ধরনের রদবদল হবে না। সেই ধারাবাহিকতায় একমাত্র পরিবর্তন হিসেবে বাদ পড়েছেন পেসার গাস অ্যাটকিনসন।

এই অ্যাশেজ সফরে অ্যাটকিনসনের পারফরম্যান্স ছিল হতাশাজনক। প্রথম দুই টেস্টে তিনি ৫৪ ওভার বল করে মাত্র ৩ উইকেট নেন, যেখানে তার গড় ছিল ৭৮.৬৬ ইংল্যান্ড বোলারদের মধ্যে সবচেয়ে বাজে পরিসংখ্যান। শুধু উইকেট নয়, তার বোলিংয়ে গতি ও বাউন্সের ঘাটতিও স্পষ্ট ছিল। ব্রিসবেন টেস্টে তার প্রথম উইকেট আসে ৪১তম ওভারের শেষ বলে।

অ্যাটকিনসনের জায়গায় দলে ফিরেছেন জশ টাং। ইংল্যান্ডের কাছে তাকে এখন ‘কন্ট্রোল উইকেট-টেকিং অপশন’ হিসেবে দেখা হচ্ছে। ২৮ বছর বয়সী এই পেসার এখন পর্যন্ত ৬টি টেস্টে ৩১ উইকেট নিয়েছেন, গড় ৩০।

ভারতের বিপক্ষে নিজের সর্বশেষ টেস্টে জশ টাং ১২৫ রান খরচায় ৫ উইকেট নেন, যা তার ক্যারিয়ারের দ্বিতীয় পাঁচ উইকেট শিকার। ওই সিরিজে মাত্র তিন ম্যাচ খেলেই ১৯ উইকেট নিয়ে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তিনি।

অন্যদিকে, স্পিন সহায়ক অ্যাডিলেডে শোয়েব বশিরের বাদ পড়া কিছুটা বিস্ময়কর হলেও তার বর্তমান ফর্মে আস্থা রাখেনি টিম ম্যানেজমেন্ট। ২২ বছর বয়সী এই অফ স্পিনার ১৯ টেস্টে ৬৮ উইকেট নিয়েছেন, গড় প্রায় ৩৯। সাম্প্রতিক প্রস্তুতি ম্যাচ ও অস্ট্রেলিয়া ‘এ’-এর বিপক্ষে ম্যাচেও তার পারফরম্যান্স ছিল অনুজ্জ্বল।

ব্রিসবেন টেস্টে স্পিন অপশন হিসেবে খেলা উইল জ্যাকস বল হাতে খুব বেশি ব্যবহার না হলেও ১১.৩ ওভারে ৩৪ রান দিয়ে ১ উইকেট নেন। পাশাপাশি ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। সেই পারফরম্যান্সের ধারাবাহিকতায় অ্যাডিলেড টেস্টেও তার ওপরই ভরসা রাখছে ইংল্যান্ড।

আরও পড়ুন
shanto

শোয়াই ফেলব একদম: নাজমুল হোসেন শান্ত

অ্যাডিলেড টেস্টের ইংল্যান্ড একাদশ-
জ্যাক ক্রোলি, বেন ডাকেট, অলিভার পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), উইল জ্যাকস, ব্রাইডন কার্স, জফরা আর্চার ও জশ টাং।

আরটিভি/এসকে