মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) কোয়াব (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) আয়োজিত বিশেষ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচে বাংলাদেশ জাতীয় দলের দুই তারকা ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ দুটি দল ‘অদম্য’ ও ‘অপরাজেয়’-এর নেতৃত্ব দেবেন।
ম্যাচকে সামনে রেখে মাঠের বাইরেই কথার লড়াই শুরু করে দিয়েছেন শান্ত। সোমবার (১৫ ডিসেম্বর) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, খুবই এক্সাইটেড। এরকম ম্যাচ খেলার সুযোগ আগে হয়নি। কোনো ছাড়াছাড়ি হবে না, শোয়াই ফেলব একদম। প্রস্তুতি মাঠে দেখতে পাবেন না। সব প্রস্তুতি মুখে মুখে হচ্ছে। মাঠে শোয়াই ফেলতে পারি, না হলে শুয়েও যেতে পারি, যেকোনো কিছুই হতে পারে।
উৎসবমুখর এই ম্যাচে উত্তাপ যে থাকবে, সেটিও স্বীকার করেন শান্ত। তবে সীমা অতিক্রম না করার কথাও জানান তিনি।উত্তাপ তো থাকবেই। তবে বেশি দেখানো যাবে না। শুনলাম ভালো আম্পায়ার থাকবে। বেশি উত্তাপ দেখালে পরে ডিমেরিট পয়েন্ট খেতে হতে পারে, বলেন বাংলাদেশ অধিনায়ক।
এ সময় কোয়াবের ভূমিকার প্রশংসা করে শান্ত বলেন, এই উদ্যোগটি বাংলাদেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা কোয়াবে আছেন এবং আশপাশ থেকে যারা সাহায্য করছেন, এটি খুবই ভালো একটি উদ্যোগ। যদিও এ বছর কিছুটা তাড়াহুড়োর মধ্যেই হচ্ছে, তবে এটি যদি ধারাবাহিকভাবে করা যায়, তাহলে বাংলাদেশ ক্রিকেট অনেক উপকৃত হবে,বলেন তিনি।
ম্যাচ আয়োজনের মূল উদ্দেশ্য তুলে ধরে শান্ত আরও বলেন, এই ম্যাচের মূল কারণই হচ্ছে ফান্ড সংগ্রহ। এখান থেকে যে অর্থ উঠবে, ভবিষ্যতে সেটি ক্রিকেটারদের সহায়তায় ব্যবহার করা যাবে। এই উদ্দেশ্য নিয়েই পুরো আয়োজন।
সবশেষে কোয়াবকে সহায়তা করতে দেশের সব ক্রিকেটারের প্রতি আহ্বান জানান শান্ত। বর্তমান ও সাবেক বাংলাদেশের সব ক্রিকেটার যেন কোয়াবকে সহযোগিতা করেন। খেলোয়াড়রা যেভাবে আগ্রহ দেখিয়েছেন, এটি কোয়াবের জন্য অনেক বড় পাওনা, বলেন তিনি।
আরটিভি/এসকে




