মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ , ০৪:৫৭ পিএম
চলমান আইপিএলের মিনি নিলামের শুরুতেই ক্যামরন গ্রিনকে দলে নিয়ে চমক দেখিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেই তালিকায় যুক্ত হয়েছে লঙ্কান পেসার মাথিশা পাথিরানার নাম।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আবুধাবিতে অনুষ্ঠিত হয়েছে এবারের মিনি নিলাম। যেখানে পেসারদের ক্যাটাগরি থেকে তোলা হয় পাথিরানার নাম।
প্রথম আগ্রহ দেখায়নি কেকেআর। প্রথমে চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপারজায়ান্টসের মধ্যে লড়াই চলছিল। ১৩ কোটি দাম উঠতেই সরে দাঁড়ায় চেন্নাই। ১৬ কোটি দাম ওঠার পরে সরে দাঁড়ায় দিল্লি।
এর পরই লড়াইয়ে নামে কলকাতা। শেষ পর্যন্ত ১৮ কোটিতে মাথিশা পাথিরানাকে কিনল শাহরুখ খানের দল। ২০২৬ সালের আইপিএলের মিনি নিলামে আপাতত দ্বিতীয় সর্বোচ্চা দামী খেলোয়াড় কিনল কেকেআর। ক্যামেরন গ্রিনকে ২৫.২০ কোটিতে দলে নিয়েছে তারা।
গত তিন আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন পাথিরানা। চেন্নাইয়ের হয়ে ভালো করলেও সবশেষ আসরে সেমিফাইনাল খেলতে পারেননি তারা। তাই এবার পাথিরানাকে ছেড়ে দেয় চেন্নাই।
নিলামে চেন্নাই আগ্রহ দেখালেও কলকাতার সঙ্গে টাকার লড়াইয়ে পেরে ওঠেনি তারা। তাই আসন্ন ২০২৬ আইপিএলে কলকাতার হয়ে মাঠে দেখা যাবে এই লঙ্কান পেসারকে।
আরটিভি/এসআর