বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ০৩:৩০ পিএম
আগামী ২৪ ডিসেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজনের কথা ছিল দেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৩তম আসরের জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান। তবে দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির কারণে নিরাপত্তা শঙ্কা প্রকাশ করে এই অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে।
বিসিবি সূত্রে জানা গেছে, যদিও আয়োজক পক্ষ টেকনিক্যাল সকল প্রস্তুতি শেষ করে রেখেছিল, কিন্তু নিরাপত্তা এবং পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন ঝুঁকিপূর্ণ মনে করা হয়। বিশেষ করে বর্তমান সময়ের জনসমাগম নিয়ন্ত্রণ এবং নিরাপত্তার বিষয়টি জটিল হওয়ার কারণে অনুষ্ঠানটি শেষ পর্যন্ত বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিপিএল গভর্নিং কাউন্সিল জানায়, তারা সরকারের উচ্চপর্যায়ের অনুমোদন বা সবুজ সংকেতের অপেক্ষায় ছিল। নিরাপত্তা ঝুঁকি এবং গ্যালারির বাইরের পরিস্থিতি নিয়ন্ত্রণে অসুবিধার কারণে ২০ ও ২৩ ডিসেম্বরের সম্ভাব্য উদ্বোধনী তারিখগুলোও বাতিল হয়। সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক অনুমতি না পেলে এ ধরনের বড় অনুষ্ঠান আয়োজন করা অনুপযুক্ত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন শুধুমাত্র ম্যাচগুলো নিয়েই ফোকাস করবে এবং বিপিএল আয়োজন সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে কাজ করবে।
আরটিভি/এসকে