images

খেলা / ক্রিকেট

ইমরান খানের পর একমাত্র অধিনায়ক হিসেবে ঐতিহাসিক রেকর্ডে প্যাট কামিন্স

শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ , ০৫:১৪ পিএম

ইনজুরির কারণে অ্যাশেজ সিরিজের প্রথম দুই টেস্টে খেলতে না পারলেও দারুণ প্রত্যাবর্তন করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। অ্যাডিলেড টেস্ট দিয়ে মাঠে ফিরে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন এই পেসার।

প্রথম ইনিংসে ৩ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ইংল্যান্ড অলআউট হওয়ার আগে আরও ৩ উইকেট শিকার করেন কামিন্স। তার এই দুরন্ত বোলিংয়ে শুধু ম্যাচেই প্রভাব ফেলেননি, গড়েছেন একটি ঐতিহাসিক রেকর্ডও। প্রতিবেদন প্রকাশ করেছে ইন্ডিয়া টিভি।

শনিবার (২০ ডিসেম্বর) ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের শুরুতেই বেন ডাকেট ও অলি পোপকে আউট করে টেস্ট ইতিহাসে বিশেষ কীর্তিতে নাম লেখান কামিন্স। টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসেবে ১৫০ বা তার বেশি উইকেট নেওয়ার রেকর্ড এতদিন ছিল কেবল পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান খানের দখলে। এবার সেই তালিকায় একমাত্র সঙ্গী হলেন প্যাট কামিন্স।

৭২ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে কামিন্সের উইকেট সংখ্যা এখন ৩১৫*। ২২-এর নিচে বোলিং গড় এবং তিনের নিচে ইকোনমি রেটে এই উইকেটগুলো সংগ্রহ করেছেন তিনি, যা তাকে আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা পেসার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

টেস্টের পাশাপাশি সীমিত ওভার ক্রিকেটেও সমান কার্যকর কামিন্স। ওয়ানডে ক্রিকেটে তার উইকেট সংখ্যা ১৪৩ এবং টি-টোয়েন্টিতে নিয়েছেন ৬৬ উইকেট।

আরও পড়ুন
warriors

ওসমান হাদিকে জার্সি উৎসর্গ করল রাজশাহী ওয়ারিয়র্স

অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি এমন ধারাবাহিক পারফরম্যান্সে কামিন্সের এই রেকর্ড অস্ট্রেলীয় ক্রিকেট ইতিহাসে নতুন মাত্রা যোগ করল।

আরটিভি/এসকে