images

খেলা / ক্রিকেট

সৌদি আরবের বড় প্রস্তাব ফিরিয়ে দিলো বিসিবি

রোববার, ২১ ডিসেম্বর ২০২৫ , ০১:০৩ পিএম

ফুটবল বলের উন্নয়নের জন্য রীতিমতো টাকার বস্তা নিয়ে বসেছে সৌদি আরব। এবার ক্রিকেটেও নজর দিয়েছে, মধ্যপ্রাচ্যের দেশটি। বিভিন্ন দেশ থেকে ক্রিকেটার নিয়ে নিজ দেশের নাগরিকত্ব দিয়ে খেলানোর চেষ্টা করতে চাইছে। তাদের তালিকায় রয়েছে বাংলাদেশের নামও। কিন্তু সৌদির প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি থেকে খেলোয়াড় এবং কোচ চেয়েছে সৌদি আরব। দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি তাতে রাজি হয়নি। সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ।

আরও পড়ুন
LITcopy

হ্যাটট্রিক জয়ে অ্যাশেজ জিতল অজিরা, অপেক্ষা বাড়লো ইংলিশদের

ক্রিকবাজকে বিসিবি প্রধান বলেছেন, সৌদি আরব আমাকে ২ মাস আগে প্রস্তাব দিয়েছিল, তবে আমি মানা করে দিয়েছি। তারা আমাদের কাছে পুরুষ এবং নারী উভয় ক্রিকেটারই চেয়েছিল, সঙ্গে চেয়েছিল কোচ। কিন্তু আমি নিজ দেশের স্বার্থের বিরুদ্ধে গিয়ে কীভাবে তাদের কোচ-প্লেয়ার দিতে পারি?

আন্তর্জাতিক ক্রিকেটে সৌদি আরব জায়গা পাওয়ার লক্ষ্যে টেস্ট খেলুড়ে দেশগুলোর দিকে তাকিয়ে আছে। বিশেষ করে সেসব দেশের ইমার্জিং বা উদীয়মান ক্রিকেটারদের চায় তারা। ওই কৌশলে সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাষ্ট্র তাদের ক্রিকেট কাঠামো ও জাতীয় দল গড়েছে। 

একই পথে হাঁটার পরিকল্পনা সৌদির। বিশ্ব ক্রীড়াঙ্গনে সৌদি অবস্থান তৈরির পাশাপাশি প্রভাব বিস্তারের লক্ষ্যে দীর্ঘমেয়াদী প্রকল্প নিয়ে নেমেছে। সে লক্ষ্যে তারা এলআইভি গলফ, ফর্মুলা ওয়ানে বিনিয়োগ করেছে বড় অঙ্কে। 

এ ছাড়া দেশটির ক্লাব ফুটবলের জনপ্রিয়তা বাড়াতে ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার জুনিয়র ও করিম বেনজেমাদের রেকর্ড ট্রান্সফারে সাইনিং করার বিষয় তো বলাই বাহুল্য। এ ছাড়া ২০৩৪ বিশ্বকাপের আয়োজক হওয়ার মধ্য দিয়ে নিজেদের সামর্থ্য প্রমাণে মরিয়া সৌদি। এবার আইসিসি ও এসিসির কৌশলগত সমর্থন নিয়ে ক্রিকেটে তাদের পদচারণা।

আরটিভি/এসআর