images

খেলা / ক্রিকেট

জাকিরের মৃত্যুতে বিসিবির শোক

শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ , ০৩:১০ পিএম

ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (২৭ ডিসেম্বর) এক বিবৃতিতে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি এই শোকবার্তা জানায়।

শনিবার বিপিএলের চলমান আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামে ঢাকা ক্যাপিটালস। টসের পর ডাগআউটের সামনে গা গরমের অনুশীলনে ব্যস্ত ছিলেন দলের ক্রিকেটাররা। এ সময় ক্রিকেটারদের ফিল্ডিং ড্রিল করাচ্ছিলেন সহকারী কোচ মাহবুব আলী জাকির। অনুশীলনের এক পর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে মাঠেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

দলের ফিজিও প্রাথমিকভাবে হার্ট অ্যাটাক হয়েছে বলে ধারণা করেন। দ্রুত মাঠেই তাকে সিপিআর দেওয়া হয় এবং পরে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। ফ্র্যাঞ্চাইজির সূত্র জানায়, অ্যাম্বুলেন্সে নেওয়ার সময়ও জাকিরের শ্বাস-প্রশ্বাস সচল ছিল। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জাতীয় দলের হয়ে কখনো খেলতে না পারলেও ঘরোয়া ক্রিকেটে পরিচিত মুখ ছিলেন মাহবুব আলী জাকির। সাবেক এই পেসার কুমিল্লা জেলার হয়ে জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে অংশ নেন। পাশাপাশি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবাহনী ও ধানমন্ডির মতো ঐতিহ্যবাহী ক্লাবের হয়ে খেলেছেন তিনি।

আরও পড়ুন
jaki

সিলেটের আউটার মাঠে হবে কোচ মাহবুব আলী জাকির জানাজা

ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কোচিং পেশায় যুক্ত হন জাকির। ২০০৮ সালে বিসিবির হাই পারফরম্যান্স বিভাগের কোচ হিসেবে দায়িত্ব পালন শুরু করেন তিনি। দেশের ক্রিকেটের উন্নয়নে তার অবদান স্মরণ করে এই ক্রিকেট ব্যক্তিত্বের প্রয়াণে গভীর কৃতজ্ঞতা ও শোক প্রকাশ করেছে বিসিবি।

আরটিভি/এসকে