বিপিএলে ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি আর নেই। ম্যাচ শুরুর আগে অনুশীলন পরিচালনার সময় অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।
আজ রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল শুরু করে ঢাকা ক্যাপিটালস। ম্যাচের আগমুহূর্তে ক্রিকেটারদের নিয়ে গা গরম করানোর সময় হঠাৎ অসুস্থ হয়ে মাঠেই লুটিয়ে পড়েন মাহবুব আলী জাকি। ঢাকা ক্যাপিটালস সূত্র জানিয়েছে, তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হন।
তাৎক্ষণিকভাবে মাঠেই তাকে সিপিআর দেওয়া হয় এবং অ্যাম্বুলেন্সে করে সিলেটের আল হারামাইন হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
মাহবুব আলী জাকির জানাজার নামাজ আজ সন্ধ্যা নাগাদ সিলেটের আউটার মাঠে অনুষ্ঠিত হবে। বিপিএলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দেশের ক্রিকেটে কোচিংয়ে দীর্ঘদিনের অবদান রাখা মাহবুব আলী জাকির মৃত্যুতে ক্রিকেট অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
আরটিভি/এসকে




