images

খেলা / ক্রিকেট

বিপিএলের সূচিতে আবারও পরিবর্তন

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ , ০২:৫৯ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) স্থগিত দুটি ম্যাচের নতুন সূচি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গত মঙ্গলবার বাংলাদেশে প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা করার পর দুটি ম্যাচ স্থগিত করে।

প্রথমে ওই দুই ম্যাচ বুধবার অনুষ্ঠিত হবে জানানো হলেও পরবর্তীতে বিসিবি আবারও সূচি পরিবর্তন করে। এখন এসব ম্যাচ ৩১ ডিসেম্বরের পরিবর্তে ৪ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বিসিবি জানিয়েছে, ১ ও ২ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পূর্বনির্ধারিত ম্যাচগুলো যথারীতি অনুষ্ঠিত হবে। তবে ৫ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা থাকা চট্টগ্রাম পর্বের সূচিও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার স্থগিত হওয়া প্রথম ম্যাচে সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং সন্ধ্যার ম্যাচে রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালস মুখোমুখি হওয়ার কথা ছিল। দুই ম্যাচই এখন ৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে, যদিও ম্যাচ শুরুর নির্দিষ্ট সময় এখনও জানানো হয়নি।

হঠাৎ ম্যাচ স্থগিত ঘোষণায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দর্শকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়, যা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ প্রয়োজন হয়। তবে টিকিটধারীদের জন্য সুখবর হলো, যাদের টিকিট ছিল তারা একই টিকিট ব্যবহার করে ৪ জানুয়ারির ম্যাচ দেখতে পারবেন।

আরও পড়ুন
KOLAR

আতলেটিকো মাদ্রিদের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক কলার আর নেই

বিসিবি এমন সময়ে সূচিতে এই পরিবর্তন এনেছে যখন দেশের শোকময় পরিস্থিতি চলছে, ফলে অনেকে আশা করছেন আগামি দিনগুলোতে নিরবিচ্ছিন্ন ক্রিকেট উপভোগ করতে পারবেন।

আরটিভি/এসকে