images

খেলা / ফুটবল

২০২৬ সালে আন্তর্জাতিক ফুটবলে যত খেলা বাংলাদেশের

বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬ , ০১:৫৯ পিএম

চলতি বছরে অনুষ্ঠিত হবে ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ। যেখানে অংশ নেওয়ার সুযোগ পায়রি বাংলাদেশ। তারপরও এই বছরে বাংলাদেশ ফুটবলে ব্যস্ত সূচিতে পার করবেন বাংলাদেশের ফুটবলাররা। হামজা-জমালদের ম্যাচ সংখ্যা কিছুটা কম হলেও বছরজুড়ে ব্যস্ত থাকবেন ঋতুপর্ণা চাকমারা। 

বছরের শুরুতেই নারী ও পুরুষ দল একসঙ্গে থাইল্যান্ড যাবে সাফ ফুটসাল খেলতে। ওই প্রতিযোগিতার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন হবে আজ বিকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে। এবারের সাফ নারী ফুটসালে অংশগ্রহণের মধ্য দিয়ে দীর্ঘ ৭ বছর পর নারী দল ফিরছে এই প্রতিযোগিতায়।

আগামী পহেলা মার্চ থেকে অস্ট্রেলিয়ায় বসবে নারী এশিয়ান কাপের আসর। প্রথমবার এই প্রতিযোগিতায় খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। ওই টুর্নামেন্টে পঞ্চম-ষষ্ঠ স্থান অর্জন করতে পারলে ২০২৭ সালে ব্রাজিলে হতে চলা নারী বিশ্বকাপে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। 

আরও পড়ুন
bd_20251105_163939128

২০২৬ সালে ক্রিকেটে বাংলাদেশের যত খেলা

প্রতিযোগিতায় ভালো করতে পারলে সুযোগ রয়েছে ২০২৮ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে খেলারও। সিনিয়র দলের এশিয়ান কাপ খেলার পরের মাসেই এপ্রিলে থাইল্যান্ডে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ খেলবে বাংলাদেশ। বয়সভিত্তিক এশিয়ান কাপের এই প্রতিযোগিতাতেও বাংলাদেশ প্রথমবার অংশ নিচ্ছে।

 যেখানে শীর্ষ চারের মধ্যে থাকতে পারলে ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে খেলার সুযোগ থাকবে লাল সবুজের মেয়েদের। নারী সিনিয়র সাফে টানা দুবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। সবশেষ ২০২৪ সালে বসেছিল সাফের আসর। আরেকটি আসর বসবে ২০২৬ সালে। এই টুর্নামেন্টের স্বাগতিক হওয়ার ইচ্ছে প্রকাশ করেছে বাংলাদেশ। তবে দিনক্ষণ এখনও চূড়ান্ত নয়।

২০২৬ সালে ঋতুপর্ণাদের আরেকটি গুরুত্বপূর্ণ আসর এশিয়ান গেমস। এই গেমসে পুরুষ ফুটবল দল মূলত অনূর্ধ্ব-২৩ পর্যায়ের। আর ২৩ বছর বয়সের বেশি তিনজন ফুটবলার খেলতে পারবেন মূল একাদশে। এই গেমসের নারী ফুটবলে অবশ্য সিনিয়র জাতীয় দলই খেলে থাকে। নিজেদের মেলে ধরতে এশিয়ান গেমস ঋতুপর্ণা-আফঈদাদের জন্য একটি ভালো মঞ্চ। 

২০২৬ সালে পুরুষ ফুটবলে ব্যস্ততা কিছুটা কম। চলমান এএফসি এশিয়ান কাপে আরও একটি করে ম্যাচ বাকি আছে দলগুলোর। আগামী ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে হামজা-জামালরা লড়বেন সিঙ্গাপুরের বিপক্ষে। 

593663659_1903989813563569_3774637751023912552_n

এর আগে ১০ জুন হোম ম্যাচে জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে দুর্দান্ত খেলেও হারে বাংলাদেশ। তবে সিঙ্গাপুরের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচটি জিতে এশিয়ান কাপ বাছাইয়ের শেষটা ভালো করতে চাইবে লাল সবুজের প্রতিনিধিরা। ওই ম্যাচের আগে হোমে কিংবা অ্যাওয়ে একটি প্রীতি ম্যাচ খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে। 

এশিয়ান কাপ বাছাইয়ের মিশন শেষে বাংলাদেশ পুরুষ ফুটবলের তেমন নির্ধারিত সূচি নেই। বিশ্বকাপের আগে জুনে ফিফা উইন্ডো রয়েছে। বিশ্বকাপ জোয়ারে এই উইন্ডোতে অনেক দেশই খেলতে চায় না। নারী সাফের মতো পুরুষ সাফও ২০২৬ সালে অনুষ্ঠিত হওয়ার কথা। পুরুষ সাফ ফুটবল ১৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। সাফের পরিকল্পনা ছিল জুন উইন্ডোতে করার, কিন্তু সেই সময় বিশ্বকাপ ফুটবল থাকায় সেটা পিছিয়ে সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে গিয়ে ঠেকেছে। 

সিনিয়র দল ছাড়াও নারী এবং পুরুষ উভয় বয়সভিত্তিক দলের সাফ এবং এএফসির একাধিক টুর্নামেন্ট রয়েছে। আন্তর্জাতিক প্রতিযোগিতার পাশাপাশি ঘরোয়া ফুটবলেও চলবে নানা টুর্নামেন্ট। এক যুগ পর কোটি টাকার সুপার কাপ আবার আয়োজনের পরিকল্পনা রয়েছে এই বছরের শুরুতেই। 

বছরের জুন-জুলাইয়ে হবে বিশ্বকাপ ফুটবল। এরপরই অনুষ্ঠিত হবে কমনওয়েলথ গেমস। ২৩ জুলাই থেকে ২ আগস্ট স্কটল্যান্ডের গ্লাসগোতে হবে এই আসর। ১৯ সেপ্টেম্বর জাপানের নাগোয়া শহরে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস। ফলে অন্য ডিসিপ্লিনের মতো গেমসে অংশ নিতে পারে বাংলাদেশর পুরুষ ও নারী ফুটবল দল।

আরটিভি/এসআর