images

খেলা / ফুটবল

আর্জেন্টাইন তারকার দলবদলে নিষিদ্ধ ব্রাজিলের ক্লাব

বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬ , ০৫:১৫ পিএম

আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা থিয়াগো আলমাদার ট্রান্সফার সংক্রান্ত আর্থিক জটিলতায় ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগোর ওপর তিনটি ট্রান্সফার উইন্ডোর জন্য নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। বুধবার (৩১ ডিসেম্বর) এই শাস্তির ঘোষণা দেয় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

ফিফার সিদ্ধান্ত অনুযায়ী, মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব আটলান্টা ইউনাইটেডের কাছে বকেয়া অর্থ পরিশোধ না করায় বোতাফোগোর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগে আটলান্টা ইউনাইটেড জানায়, ২০২৪ সালে আলমাদাকে বোতাফোগোতে ট্রান্সফারের সময় চুক্তিভিত্তিক অর্থের একটি বড় অংশ এখনো পরিশোধ হয়নি। যাচাই শেষে ফিফা বোতাফোগোর ওপর ‘রেজিস্ট্রেশন ব্যান’ আরোপ করে, যা কার্যকর হয়েছে ৩১ ডিসেম্বর ২০২৫ থেকে।

ফিফার নথি অনুযায়ী, আলমাদার ট্রান্সফার ফি হিসেবে আটলান্টা ইউনাইটেডের পাওনা রয়েছে প্রায় ২ কোটি ১০ লাখ মার্কিন ডলার। নির্ধারিত সময়ের মধ্যে এই অর্থ পরিশোধ না করায় বোতাফোগোকে তিনটি ট্রান্সফার উইন্ডোতে নতুন খেলোয়াড় নিবন্ধনে নিষিদ্ধ করা হয়েছে।

২৪ বছর বয়সী থিয়াগো আলমাদা বোতাফোগোর জার্সিতে ব্রাজিলিয়ান লিগ শিরোপা ও কোপা লিবার্তাদোরেস জিতেছেন। পরবর্তীতে ২০২৫ সালের জানুয়ারিতে তাকে ধারে ফরাসি ক্লাব লিঁওনে পাঠানো হয়। একই বছরের জুলাইয়ে তিনি স্থায়ীভাবে যোগ দেন স্প্যানিশ জায়ান্ট অ্যাথলেতিকো মাদ্রিদে।

আরও পড়ুন
omorjai

ওমরজাইয়ের নৈপুণ্যে ঢাকাকে হারালো সিলেট

উল্লেখ্য, ২০২২ সালে মার্কিন ব্যবসায়ী জন টেক্সটর বোতাফোগো ক্লাবটি অধিগ্রহণ করেন। নিষেধাজ্ঞা প্রসঙ্গে এক বিবৃতিতে বোতাফোগো জানিয়েছে, তারা আটলান্টা ইউনাইটেডের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং বিষয়টি দ্রুত সমাধানে সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে।


আরটিভি/এসকে