শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ , ১১:০৫ এএম
আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। ইতোমধ্যে দল ঘোষণা করেছে ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মতো দলগুলো। সেই তালিকায় এবার যুক্ত হয়েছে জিম্বাবুয়ে। এবার রোডেশিয়ানদের নেতৃত্ব দেবেন সিকান্দার রাজা।
শনিবার (৩ জানুয়ারি) সিকান্দার রাজাকেই অধিনায়ক করে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে। এ ছাড়াও দলে জায়গা পেয়েছেন সাবেক অধিনায়ক গ্রায়েম ক্রেমার।
সাত বছরের লম্বা বিরতির পর গত অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক গ্রায়েম ক্রেমার। জাতীয় দলে ফেরার পর পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে ত্রিদেশীয় সিরিজের দুটি ম্যাচে বল করেন ক্রেমার। যেখানে ৭ ওভারে ৪৪ রানের বিনিময়ে তার শিকার ২ উইকেট।
ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড থেকে একমাত্র বাদ পড়েছেন বাঁ-হতি স্পিনার নিউম্যান নিয়ামহুরি। এ ছাড়া শন উইলিয়ামসের জায়গায় জিম্বাবুয়ে জাতীয় দলে সুযোগ পাওয়া ক্লাইভ মাদান্দেও বিশ্বকাপ স্কোয়াডে আছেন।
এ ছাড়া সিকান্দার রাজা জিম্বাবুয়ের বিশ্বকাপ স্কোয়াডে বেশ কয়েকজন অভিজ্ঞ তারকাকে পাচ্ছেন। উইকেটরক্ষক ব্যাটার ব্রেন্ডন টেইলর তাদের একজন। তিনি এই বছরই নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন। ওই সময় থেকে ১৩টি টি-টোয়েন্টি ম্যাচে করেন ২৫১ রান।
সম্প্রতি জিম্বাবুয়ের টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়কত্ব পেয়েছেন রিচার্ড এনগারাবা। এই তারকা পেসারও আছেন তাদের বিশ্বকাপ দলে। তার সঙ্গে মিলে মুজারাবানি পেস অ্যাটাকের নেতৃত্ব দেবেন। স্পিন বিভাগে অধিনায়ক রাজা ছাড়া ওয়েলিংটন মাসাকাদজার পাশাপাশি অভিজ্ঞ ক্রেমার আছেন।
বিশ্বকাপে জিম্বাবুয়ে পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার পাশাপাশি আয়ারল্যান্ড ও ওমান।
জিম্বাবুয়ের বিশ্বকাপ স্কোয়াড: সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, গ্রায়েম ক্রেমার, ব্র্যাড ইভান্স, ক্লাইভ মাদান্দে, টিনোটেন্ডা মাপোসা, তাডিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মায়োঙ্গা, তাশিঙ্গা মুসেকিসা, ব্লেসিং মুজারাবানি, ডিওন মেয়ার্স, রিচার্ড এনগারাভা এবং ব্রেন্ডন টেলর।
আরটিভি/এসআর