সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬ , ০৫:১৮ পিএম
ব্যর্থতার বৃত্তে আটকে পড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। পরিস্থিতি এতটাই খারাপ যে দুর্বল লিডস ইউনাইটেডের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা। এরপরই নড়েচড়ে বসেছে ক্লাব কতৃপক্ষ। প্রধান কোচের দায়িত্ব থেকে রুবেন আমোরিমকে বরখাস্ত করেছেন ম্যানচেস্টার ইউনাইটেড।
এই পর্তুগিজ কোচকে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন দ্য অ্যাথলেটিকের সাংবাদিক ডেভিড অর্নস্টেইন। ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও সামাজিক যোগাযোগমাধ্যমে একই খবর জানিয়েছেন।
পরিসংখ্যান বলছে, ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্বে থাকা ৬৩ ম্যাচের মধ্যে মাত্র ২৪টিতে জয় পেয়েছেন আমোরিম। তার জয়ের হার দাঁড়ায় ৩৮.৭১ শতাংশ। ইউনাইটেডের ইতিহাসে এটি অন্যতম দুর্বল কোচিং রেকর্ড।
সবশেষ ১৯৭১ সালে ফ্রাঙ্ক ও’ফ্যারেলের সময় এর চেয়েও খারাপ রেকর্ড দেখা গিয়েছিল, যিনি একইভাবে বরখাস্ত হয়েছিলেন।
ক্লাব সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে বোর্ড ও ক্লাবের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আমোরিমের মতপার্থক্য চরমে পৌঁছায়। বিশেষ করে ক্লাব পরিচালনা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে প্রকাশ্য সমালোচনা সম্পর্ক আরও জটিল করে তোলে। শেষ পর্যন্ত দুই পক্ষের মধ্যে সম্পর্ক ভেঙে পড়ায় আমোরিম বিদায় দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
স্কাই স্পোর্টস জানিয়েছে, সোমবার সকালে আমোরিম ইউনাইটেডের ডিরেক্টর অব ফুটবল জেসন উইলকক্স ও চিফ এক্সিকিউটিভ অফিসার ওমর বেরাদার সঙ্গে বৈঠকে বসেন। সেখানে তাকে জানানো হয়, তার দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এরই মধ্যে আমোরিম খেলোয়াড়দের বিদায় জানিয়েছেন এবং ইউনাইটেডের ট্রেনিং গ্রাউন্ড ছেড়ে চলে গেছেন।
অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্লাবের সাবেক মিডফিল্ডার ও বর্তমান টেকনিক্যাল স্টাফ সদস্য ড্যারেন ফ্লেচার। নতুন স্থায়ী কোচ নিয়োগ না দেওয়া পর্যন্ত তিনি দল পরিচালনা করবেন বলে জানিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
এদিকে জানুয়ারির দলবদল মৌসুমের মাঝপথে কোচ বরখাস্ত হওয়ায় ইউনাইটেডের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বোর্ড এখন দ্রুত সময়ের মধ্যে নতুন কোচ নিয়োগে মনোযোগ দেবে বলে ধারণা করা হচ্ছে।
২০২৪ সালের ডিসেম্বরের শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিয়েছিলেন আমোরিম। তার অধীনে দলটি ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হয়। চলতি মৌসুমে ২০ ম্যাচ শেষে ইউনাইটেড রয়েছে প্রিমিয়ার লিগের ষষ্ঠ স্থানে। যদিও শীর্ষ চারে থাকার লক্ষ্য নিয়ে মৌসুম শুরু করেছিল ক্লাবটি।
আরটিভি/এসআর