মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬ , ০৪:৪৭ পিএম
নিরাপত্তাজনিত শঙ্কার কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় ক্রিকেট বিশ্বে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। একই কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতোমধ্যে বিকল্প ভেন্যুর দাবিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছেও আবেদন করেছে বিসিবি।
বাংলাদেশের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার শহিদ আফ্রিদি। তার মতে, মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা শুধু বাংলাদেশের জন্য নয়, বরং পুরো ক্রিকেট বিশ্বের জন্যই লজ্জাজনক।
আফ্রিদি বলেন, এটা ক্রিকেট বিশ্বের জন্য খুবই লজ্জার বিষয়। ভারতই সব শুরু করে এবং শেষ পর্যন্ত তারাই নিয়ন্ত্রণ করে। এভাবে চলতে থাকলে অন্য দেশগুলো একসময় তাদের সঙ্গে চলাচল বন্ধ করে দেবে। বাংলাদেশ যে সিদ্ধান্ত নিয়েছে, সেটা একদম সঠিক।
ভারতের প্রভাব নিয়ে কড়া মন্তব্য করেন পাকিস্তানের এই সাবেক তারকা। তিনি বলেন, টাকার দাপটে চলছে ভারত। ক্রিকেটের অনেক সিদ্ধান্তই এখন অর্থনৈতিক প্রভাবের ওপর নির্ভর করছে। যা খেলাটার জন্য ভালো নয়।
বর্তমানে আইসিসির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জয় শাহ, যিনি এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি ছিলেন। আইসিসির শীর্ষ নেতৃত্বে একজন ভারতীয় থাকায় অনেকেই মনে করেন, সংস্থাটিতে ভারতের অতিরিক্ত প্রভাব রয়েছে। তবে আফ্রিদি পুরোপুরি এ মতের সঙ্গে একমত নন।
তিনি বলেন, আইসিসিতে ভালো চিন্তাধারার মানুষও আছেন। আইসিসি শুধু ‘ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল’ নয়, এটি ‘ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল’। তবে ভারতের দিকে অতিরিক্ত ঝুঁকে থাকার যে ধারণা তৈরি হয়েছে, সেটা দ্রুত বন্ধ করতে হবে। ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে হলে আইসিসিকে আরও নিরপেক্ষ হতে হবে।
আফ্রিদির মতে, বিশ্ব ক্রিকেটে ভারসাম্য বজায় রাখা এবং সব দেশের নিরাপত্তা ও মর্যাদাকে সমান গুরুত্ব দেওয়াই আইসিসির মূল দায়িত্ব হওয়া উচিত।
আরটিভি/এসকে