images

খেলা / ফুটবল

২০২৬ বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার ২০ ফুটবলার চূড়ান্ত

বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬ , ০৪:৪৯ পিএম

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে এখনও কয়েক মাস বাকি থাকলেও আর্জেন্টিনার সম্ভাব্য স্কোয়াড নিয়ে আলোচনা তুঙ্গে। চূড়ান্ত দল ঘোষণায় সময় থাকলেও প্রাথমিক তালিকার বড় অংশ প্রায় নিশ্চিত হয়ে গেছে।

আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস–এর প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের একটি প্রাথমিক স্কোয়াড ইতোমধ্যেই তৈরি করেছেন কোচ লিওনেল স্কালোনি। এর মধ্যে ২০ জন খেলোয়াড়ের জায়গা কার্যত নিশ্চিত। বাকি ছয়টি স্থানের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিযোগিতা চলবে।

বিশ্বকাপে আর্জেন্টিনা খেলবে গ্রুপ ‘জে’–তে। গ্রুপ পর্বের সব ম্যাচই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের অভিযান শুরু হবে ১৬ জুন, কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ২২ জুন ডালাসে অস্ট্রিয়া এবং ২৭ জুন একই ভেন্যুতে জর্ডানের মুখোমুখি হবে স্কালোনির দল।

গোলরক্ষক ও রক্ষণভাগ
গোলরক্ষক হিসেবে প্রথম পছন্দ এমিলিয়ানো মার্টিনেজ। তার সঙ্গে স্কোয়াডে থাকছেন জেরোনিমো রুল্লি।
রক্ষণভাগে নিয়মিতদের মধ্যে প্রায় নিশ্চিত নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ ও নিকোলাস তালিয়াফিকো।

মিডফিল্ড
মিডফিল্ডে স্কালোনির আস্থার নামগুলো হলো রদ্রিগো ডি পল, লিয়েন্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও জিওভানি লো সেলসো। সাম্প্রতিক সময়ে গুরুত্ব পাচ্ছেন জুলিয়ানো সিমেওনে এবং তরুণ প্রতিভা নিকোলাস পাজ।

আক্রমণভাগ
আক্রমণভাগে সবচেয়ে বড় নাম লিওনেল মেসি। তিনি খেলতে আগ্রহী থাকলে বিশ্বকাপে থাকবেন বলেই ধারণা। তার সঙ্গে প্রায় নিশ্চিত তালিকায় রয়েছেন লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস ও থিয়াগো আলমাদা।

শেষ ছয়টি স্থানের লড়াই
বাকি ছয়টি জায়গার জন্য চলছে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা। তৃতীয় গোলরক্ষক হিসেবে এগিয়ে ওয়াল্টার বেনিতেজ। রক্ষণভাগে আলোচনায় আছেন হুয়ান ফয়েথ, লিওনার্দো বালের্দি, ফাকুন্দো মেদিনা ও মারকোস সেনেসি। অভিজ্ঞতার কারণে মারকোস আকুনিয়া এগিয়ে থাকলেও তরুণ ভালেন্তিন বার্কো নজর কেড়েছেন। মিডফিল্ডে এজাকুয়েল পালাসিওস ও ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো জায়গা পাওয়ার দৌড়ে আছেন। শেষ ফরোয়ার্ড পজিশনের জন্য আলোচনায় হোসে ম্যানুয়েল লোপেজ।

অনিশ্চয়তা ও বাইরে থাকা নাম
চোট ও ধারাবাহিকতার অভাবে আপাতত জাতীয় দলের ভাবনায় নেই পাউলো দিবালা। একই কারণে আলোচনার বাইরে মাতিয়াস সুলে, আলান ভারেলা ও ফাকুন্দো কাম্বেসেস। তরুণ ক্লোদিও এচেভেরি, ভ্যালেন্তিন কার্বোনি ও ভ্যালেন্তিন গোমেসদেরও এখনও নিজেদের প্রমাণ করতে হবে।

আরও পড়ুন
RANA-VI

এশিয়ান স্পোর্টস জার্নালিস্ট অ্যাওয়ার্ড পেলেন রানা হাসান

বিশেষ ক্ষেত্রে আছেন আলেহান্দ্রো গারনাচো। বড় ক্লাবে খেললেও ধারাবাহিক পারফরম্যান্সের অভাবে তার সুযোগ অনিশ্চিত। নিয়মিত আলোচনায় থাকলেও এখনো স্থায়ী জায়গা নিশ্চিত করতে পারেননি আনহেল কোরেয়া।

বিশ্বকাপ শুরুর আগে এখনও সময় হাতে রয়েছে। তাই লিওনেল স্কালোনির চূড়ান্ত স্কোয়াডে পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আরটিভি/এসকে