images

খেলা / ক্রিকেট

নোয়াখালী এক্সপ্রেসের হারের হেক্সা পূরণ

বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬ , ০৫:১৭ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবার অংশ নিয়ে এখনো জয়ের দেখা পায়নি নোয়াখালী এক্সপ্রেস। দিনের প্রথম ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের কাছে ৪ উইকেটে হেরে টুর্নামেন্টে টানা ছয় ম্যাচে পরাজয়ের স্বাদ পেল নবাগত দলটি। এর মধ্য দিয়ে নোয়াখালীর হারের ‘হেক্সা’ পূর্ণ হলো।

টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করে নোয়াখালী। জবাবে ৬ বল ও ৪ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় রাজশাহী।

লক্ষ্য তাড়ায় দারুণ সূচনা পায় রাজশাহী ওয়ারিয়র্স। ওপেনিং জুটিতে মোহাম্মদ ওয়াসিম ও তানজিদ হাসান তামিম ৫ ওভারেই যোগ করেন ৪৭ রান। ২১ রান করে তানজিদ আউট হলেও এরপর দ্রুত ফিরে যান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (১)। অভিজ্ঞ মুশফিকুর রহিম করেন ২২ বলে ১৯ রান।

ওয়াসিম একপ্রান্ত আগলে রেখে তুলে নেন ফিফটি। ৩৫ বলে ৬০ রান করে আউট হন এই ডানহাতি ব্যাটার। এরপর ইয়াসির রাব্বী (৯), এসএম মেহেরব (৮) দ্রুত আউট হলেও রায়ান বার্ল ও তানজিম হাসান সাকিবের দৃঢ়তায় জয় নিশ্চিত করে রাজশাহী। বার্ল ১৯ ও তানজিম ১ রানে অপরাজিত থাকেন।

এর আগে নোয়াখালীর ইনিংসে পাওয়ার প্লেতে উইকেট না হারালেও রান তুলতে ব্যর্থ হয় দলটি ৬ ওভারে আসে মাত্র ৪১ রান। দলীয় ৫৭ রানে দীপুর বিদায়ে ভাঙে ওপেনিং জুটি। ২৮ বলে ৩০ রান করা দীপুকে এলবিডব্লিউ করেন রিপন মণ্ডল। মাজ সাদাকাত ১৩ বলে ৭ রান করে আউট হন।

আরও পড়ুন
wt20

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের সূচি ঘোষণা, বাংলাদেশের খেলা কবে কখন

সৌম্য সরকারের ব্যাটেই মূলত ভর করে এগোয় নোয়াখালী। আগের দুই ম্যাচে ব্যর্থতার পর তৃতীয় ম্যাচে হাফসেঞ্চুরি করেন এই বাঁ-হাতি ব্যাটার। ৪৩ বলে ৬ চার ও ৩ ছক্কায় তার সংগ্রহ ৫৯ রান। মোহাম্মদ নবি করেন ২৬ বলে ৩৫ রান এবং মাহিদুল ইসলাম অঙ্কন ৫ বলে ১০ রান। অধিনায়ক হায়দার আলি ৬ বলে করেন মাত্র ৩ রান। শেষদিকে জাকের আলি অনিক একটি বল খেললেও রান করতে পারেননি।

রাজশাহীর বোলারদের মধ্যে রিপন মণ্ডল ৪ ওভারে ২৭ রান দিয়ে নেন ২ উইকেট। এছাড়া নাজমুল হোসেন শান্ত, বিনুরা ফার্নান্দো ও হাসান মুরাদ একটি করে উইকেট শিকার করেন।

আরটিভি/এসকে