images

খেলা / অন্যান্য

হোটেলে কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগ, অতঃপর... 

শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬ , ০২:১৯ পিএম

১৭ বছর বয়সী এক নারী শুটারকে যৌন নিপীড়নের অভিযোগে ভারতের জাতীয় শুটিং কোচ অঙ্কুশ ভরদ্বাজকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। কমনওয়েলথ গেমসের স্বর্ণজয়ী এই কোচের বিরুদ্ধে শিশু সুরক্ষা আইন পকসো আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

ভুক্তভোগী কিশোরীর অভিযোগ, পারফরম্যান্স বিশ্লেষণের অজুহাতে গত ১৬ ডিসেম্বর ফরিদাবাদের একটি পাঁচতারকা হোটেলে তাকে ডেকে নেন ভরদ্বাজ। হোটেল কক্ষে জোরপূর্বক যৌন নিপীড়ন করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। কিশোরী বাধা দিলে কোচ তার ক্রীড়া জীবন ধ্বংস করে দেওয়ার হুমকি দেন।

পুলিশে দায়ের করা এফআইআর অনুযায়ী, দিল্লির ড. কর্ণি সিং শুটিং রেঞ্জে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা শেষে ভরদ্বাজ প্রথমে ফোন করে কিশোরীকে অপেক্ষা করতে বলেন। পরে তাকে হোটেলে আসতে নির্দেশ দেন। লবিতে অপেক্ষার সময় কোচ তাকে নিজের কক্ষে ডাকেন, সেখানেই ঘটনাটি ঘটে বলে অভিযোগ।

ভুক্তভোগী জানান, ঘটনার পর ভয়ে তিনি কাউকে কিছু জানাননি। পরে ভরদ্বাজ তার বাবা-মায়ের কাছে তার বিরুদ্ধে অভিযোগ করলে বিষয়টি প্রকাশ পায়। এরপর পরিবার থানায় অভিযোগ দায়ের করে।

অঙ্কুশ ভরদ্বাজের বিরুদ্ধে পকসো আইনের ৬ নম্বর ধারা (গুরুতর যৌন নিপীড়ন) এবং ভারতীয় ন্যায় সংহিতার অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শনের ধারায় মামলা হয়েছে। ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার মহাসচিব পবন সিং জানান, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ভরদ্বাজকে কোচের দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আরও পড়ুন
joyita

টিমের জন্য সেরাটা দেওয়ার চেষ্টা করবো: জয়িতা

২০০৮ সালের কমনওয়েলথ ইয়ুথ গেমসে স্বর্ণপদকজয়ী ভরদ্বাজ অতীতে ডোপিং কাণ্ডে নিষিদ্ধ হয়েছিলেন। বর্তমানে তিনি মোহালিতে একটি শুটিং একাডেমি পরিচালনা করেন এবং জাতীয় পিস্তল কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর স্ত্রী অঞ্জুম মৌদগিল দুইবারের অলিম্পিয়ান শুটার।

কিশোরীর বাবা-মা এক বিবৃতিতে জানান, তারা মানসিকভাবে বিপর্যস্ত এবং বর্তমানে মেয়ের চিকিৎসা ও কাউন্সেলিংয়ে মনোযোগ দিচ্ছেন। তারা হরিয়ানা পুলিশের তদন্তের ওপর আস্থা প্রকাশ করে গোপনীয়তা রক্ষার অনুরোধ জানান।

আরটিভি/এসকে