images

খেলা / ক্রিকেট

চমক রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ

মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ , ১০:১২ এএম

আসন্ন আফগানিস্তান সিরিজের জন্য চমকপ্রদ ১৬ সদস্যের টি–টোয়েন্টি দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। বড় তারকাদের বাইরে রেখেই গঠিত এই দল আগামী ১৯ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে অংশ নেবে। তথ্য জানিয়েছে জিও সুপার।

টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজটিকে প্রস্তুতির গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছে ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৭ থেকে ৩১ জানুয়ারি অনুষ্ঠেয় তিন ম্যাচের সিরিজের আগেই বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করার কথা রয়েছে।

চলমান এসএ২০ লিগে ব্যস্ত থাকায় নিয়মিত টি–টোয়েন্টি অধিনায়ক শেই হোপ, অভিজ্ঞ অলরাউন্ডার রোস্টন চেজ, স্পিনার আকিল হোসেন ও ব্যাটার শেরফেন রাদারফোর্ডকে এই সিরিজের দলে রাখা হয়নি। হোপের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে ব্র্যান্ডন কিংকে। এর আগেও তিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি–টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন, যার মধ্যে ২০২৪ সালের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠের সিরিজ উল্লেখযোগ্য।

চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার শামার জোসেফ ও ওপেনার এভিন লুইস। তবে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে ২০২৫ সালের শেষ দিকে চোটে পড়া আলজারি জোসেফকে এবারও বিশ্রামে রাখা হয়েছে।

এদিকে, সবশেষ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দারুণ পারফরম্যান্সের সুবাদে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন কুয়েন্টিন স্যাম্পসন। বিশ্রামে থাকা রোভম্যান পাওয়েলের পরিবর্তে তিনি দলে সুযোগ পেয়েছেন। পাশাপাশি ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’-এর কারণে অভিজ্ঞ অলরাউন্ডার জেসন হোল্ডার ও রোমারিও শেফার্ডকেও এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে।

আরও পড়ুন
icc

আইসিসি এখন ভারতের পকেটে: আজমল

আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজে নতুন ও কম অভিজ্ঞ ক্রিকেটারদের যাচাই করে নেওয়ার পাশাপাশি বিশ্বকাপের সম্ভাব্য কম্বিনেশন পরীক্ষার সুযোগ পাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এমনটাই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

আফগানিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টি–টোয়েন্টি দল
ব্র্যান্ডন কিং (অধিনায়ক), আলিক অ্যাথানেজ, কেসি কার্টি, জনসন চার্লস, ম্যাথিউ ফোর্ড, জাস্টিন গ্রিভস, আমির জ্যাঙ্গু, শামার জোসেফ, এভিন লুইস, গুড়াকেশ মোতি, খারি পিয়েরে, কুয়েন্টিন স্যাম্পসন, জেডেন সিলস, র‍্যামন সিমন্ডস, শামার স্প্রিংগার ও শিমরন হেটমায়ার।

আরটিভি/এসকে