বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ , ০৯:০০ এএম
ইএফএল কাপের সেমিফাইনালের প্রথম লেগে নিউক্যাসল ইউনাইটেডকে ২–০ গোলে হারিয়ে ফাইনালের পথে বড় সুবিধা নিয়েছে ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার দল আগামী ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় লেগে মাঠে নামবে, যেখানে এই জয়ের ফলে অনেকটাই নিশ্চিন্ত অবস্থানে থাকবে তারা।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) নিউক্যাসলের ঘরের মাঠ সেন্ট জেমস পার্কে দুই দলের লড়াই ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ম্যাচজুড়ে আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও স্বাগতিকরা গোলের দেখা পায়নি। পুরো ম্যাচে নিউক্যাসল ১০টি শট নেয়, অন্যদিকে ম্যানচেস্টার সিটি নেয় ১১টি শট।
ম্যাচের প্রথম গোলটি আসে ৫৩ মিনিটে। বাঁ দিক থেকে জেরোমি ডকুর বাড়ানো বল নিখুঁতভাবে জালে পাঠান সিটির নতুন সাইনিং সেমেনয়ো। ম্যানসিটিতে যোগ দেওয়ার পর মাত্র দুই ম্যাচেই দুই গোল করে নিজের কার্যকারিতা প্রমাণ করলেন ঘানার এই ফরোয়ার্ড।
নির্ধারিত সময়ের শেষদিকে আক্রমণের গতি বাড়ায় সিটি। যোগ করা সময়ের ৯৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রায়ান শেরকি। ডি-বক্সের ভেতরে নুরি’র ব্যাক পাস থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন ফরাসি এই মিডফিল্ডার।
দ্বিতীয় লেগটি অনুষ্ঠিত হবে ম্যানচেস্টার সিটির ঘরের মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামে। দুই গোলের ব্যবধানে এগিয়ে থাকায় ইএফএল কাপের ফাইনালে ওঠার সম্ভাবনা এখন অনেকটাই নিশ্চিত গার্দিওলার শিষ্যদের।
এদিকে বুধবার (১৪ জানুয়ারি) রাতে টুর্নামেন্টের অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে চেলসি ও আর্সেনাল।
আরটিভি/এসকে