বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ , ০২:০৩ পিএম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের একের পর এক মন্তব্য ঘিরে দেশের ক্রীড়াঙ্গনে উত্তেজনা চরমে পৌঁছেছে। তার পদত্যাগের দাবিতে আলটিমেটাম দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। দাবি মানা না হলে সব ধরনের খেলা বর্জনের ঘোষণা দিয়েছেন ক্রিকেটাররা। নাজমুল ইসলামের পক্ষ থেকে এখনও পদত্যাগের ঘোষণা না আসায় নিজেদের অবস্থানে অনড় রয়েছেন তারা।
এ পরিস্থিতিতে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু সাংবাদিকদের জানান, ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং এ বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। তিনি বলেন, এটি অনাকাঙ্ক্ষিত মন্তব্য ছিল। প্রক্রিয়া অনুযায়ী তাকে শোকজ লেটার দেওয়া হয়েছে। তিনি যা বলেছেন, আমরা তা সমর্থন করি না। তবে একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে।
এদিকে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা পর্বের খেলা শুরু হওয়ার কথা ছিল। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১টায় প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের। একই দিনে দ্বিতীয় ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানসের লড়াইয়ের সূচিও ছিল। তবে নির্ধারিত সময় পার হয়ে গেলেও নাজমুল ইসলামের পদত্যাগ না আসায় প্রথম ম্যাচের দুই দলের কোনো ক্রিকেটারই মাঠে নামেননি।
ফলে দিনের প্রথম ম্যাচ সময়মতো শুরু না হওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত হয়ে যায়। তবে বিসিবি আজকের দুই ম্যাচই আয়োজনের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান মিঠু। তিনি বলেন, খেলোয়াড়দের বুঝিয়েছি। তারা যদি মাঠে আসে, খেলা হবে। না এলে খেলা হবে না। প্রথম ম্যাচ সময়মতো না হওয়ার সম্ভাবনা খুব বেশি, তবে আমরা চেষ্টা করছি।
এদিকে মাঠে না গিয়ে রাজধানীর হোটেল শেরাটনে টিম হোটেলে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছেন ক্রিকেটাররা। জানা গেছে, ছয় দলের ক্রিকেটাররা সেখানে একত্র হচ্ছেন। দুপুর ১টায় কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। এই পরিস্থিতিতে বিপিএলের দিনের প্রথম ম্যাচ যেমন অনিশ্চিত হয়ে পড়েছে, তেমনি দ্বিতীয় ম্যাচ নিয়েও তৈরি হয়েছে শঙ্কা।
আরটিভি/এসকে