ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

যথাসময়ে হচ্ছে না বিপিএলে দিনের প্রথম ম্যাচ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০১:১৪ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের করা বিতর্কিত মন্তব্য ঘিরে উত্তাল দেশের ক্রীড়াঙ্গন। তার পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে রয়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ)। দাবি না মানলে সব ধরনের খেলা বর্জনের ঘোষণাও দিয়েছে সংগঠনটি। এমন পরিস্থিতিতে নির্ধারিত সময় অনুযায়ী শুরু হচ্ছে না বিপিএলের দিনের প্রথম ম্যাচ।

সিলেট পর্ব শেষে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে ঢাকায় বিপিএলের খেলা শুরু হওয়ার কথা ছিল। সূচি অনুযায়ী প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের। দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নামার কথা সিলেট টাইটানসের।

তবে প্রথম ম্যাচটি যে নির্ধারিত সময় অনুযায়ী শুরু হচ্ছে না, তা প্রায় নিশ্চিত। এ বিষয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলেন, অবশ্যই বিষয়টি অনাকাঙ্ক্ষিত। উনি (এম নাজমুল ইসলাম) যা বলেছেন, আমরা সেটার সমর্থন করি না। ক্রিকেটারদের বোঝানো হয়েছে তারা এলে খেলা হবে, না এলে খেলা হবে না। তবে প্রথম ম্যাচটি সময়মতো হওয়ার সম্ভাবনা কম।

এর আগে কোয়াব হুঁশিয়ারি দিয়েছিল, ম্যাচ শুরুর আগে দাবি পূরণ না হলে সব ধরনের ক্রিকেট বয়কট করা হবে। এখন পর্যন্ত এম নাজমুল ইসলামের পদত্যাগের কোনো ঘোষণা না আসায় নির্ধারিত সময় পার হয়ে গেলেও দিনের প্রথম ম্যাচের দুই দলের কেউই মাঠে নামেনি। এতে ম্যাচ মাঠে গড়ানো নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা।

আরও পড়ুন

এদিকে পদত্যাগের ঘোষণা না আসায় ম্যাচ শুরুর সময়েই রাজধানীর হোটেল শেরাটনে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে কোয়াব। এ সংবাদ সম্মেলনে বিপিএলের অন্তত ছয় দলের ক্রিকেটারদের একত্র হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে। সব মিলিয়ে কোয়াবের কঠোর অবস্থান ও বিসিবির সিদ্ধান্তহীনতায় বিপিএলের আজকের সূচি নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের শঙ্কা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জানুয়ারিতে কোহলি-বুমরাহদের বাংলাদেশে পাঠাতে রাজি ভারত!
দুই দেশের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন কাটলে আগামী জানুয়ারির প্রথম সপ্তাহেই বাংলাদেশ সফরে আসতে পারে ভারতীয় ক্রিকেট দল। সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে।  এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) মধ্যে নীতিগত সমঝোতা হয়েছে বলে জানিয়েছে দেশের একটি জাতীয় দৈনিক। বিসিবির একাধিক সূত্রের বরাতে প্রতিবেদনে জানানো হয়েছে, জানুয়ারির প্রথম ভাগে সিরিজ আয়োজনের বিষয়ে দুই বোর্ড ইতিবাচক অবস্থানে রয়েছে। গত ২৮ অক্টোবর বিসিবির ওয়ার্কিং কমিটির সভায় সভাপতি তামিম ইকবালও এ বিষয়ে আলোচনার অগ্রগতি তুলে ধরেন।  সম্ভাব্য সূচি অনুযায়ী, জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হয়ে দ্বিতীয় সপ্তাহের মধ্যে শেষ হতে পারে সিরিজটি। বিষয়টি নিয়ে আশাবাদী বিসিবি সভাপতি তামিম ইকবালও।  তিনি বলেন, আমরা একটা সময় নিয়ে আলোচনা করছি। বিসিসিআইয়ের সঙ্গে আমাদের আলোচনা যেভাবে এগোচ্ছে, তাতে আমি আশাবাদী, ভারতীয় দল সিরিজটি খেলতে বাংলাদেশে আসবে। দুই বোর্ড ইতিবাচক মানসিকতা নিয়ে কাজ করছে। তবে সিরিজ আয়োজনের ক্ষেত্রে দুই দেশের সরকারের সম্মতিও গুরুত্বপূর্ণ। রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের কারণে আগেও দুইবার পিছিয়েছে ভারতীয় দলের বাংলাদেশ সফর। বিসিবি ও বিসিসিআইয়ের আলোচনা ইতিবাচকভাবে এগোলেও শেষ পর্যন্ত সরকারের সবুজ সংকেতের ওপর নির্ভর করছে সফরটি। এ বিষয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, আমরা খেলাধুলাকে সব সময় রাজনীতির বাইরে রাখতে চাই। আমরা চাই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠুক এবং এই সম্পর্ক যেন জোরদার থাকে। ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরের বিষয়টি আমরা আন্তরিকভাবে দেখছি। আমরা চাই তারা এসে আমাদের দেশে খেলুক এবং আমরাও তাদের দেশে গিয়ে খেলতে চাই। এর আগে গত বছরের আগস্টে এবং চলতি বছরের সেপ্টেম্বরে ভারতীয় দলের বাংলাদেশ সফরের সূচি নির্ধারিত হয়েছিল। দুই দফায় তিনটি ওয়ানডে ও তিনটি টি-টুয়েন্টি খেলার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত সিরিজ মাঠে গড়ায়নি। দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সংশ্লিষ্ট জটিলতায় সফরটি পিছিয়ে যায়। এবার অবশ্য নতুন করে আশার আলো দেখছে বিসিবি। সর্বশেষ ভার্চ্যুয়াল বৈঠকে জানুয়ারির শুরুতে সিরিজ আয়োজনের বিষয়ে দুই বোর্ড নীতিগতভাবে একমত হয়েছে। এখন সরকারের সম্মতি মিললে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশ সফরে আসতে পারে ভারতীয় দল। আরটিভি/এসআর
জানুয়ারিতে কোহলি-বুমরাহদের বাংলাদেশে পাঠাতে রাজি ভারত!
শরীর গঠন ফেডারেশনের নতুন সভাপতি হাবিব উল্লাহ ডন
বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনে নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে সরকার। ২৯ সদস্যের কমিটিতে সভাপতি হয়েছেন ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী হাবিব উল্ল্যাহ ডন। যিনি সম্প্রতি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পক্ষ থেকে জারি করা এক সরকারি বিজ্ঞপ্তিতে এই নতুন কমিটি নিয়োগের আদেশ দেওয়া হয়।  জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ অনুযায়ী এই কমিটিকে দায়িত্ব গ্রহণের পর আগামী ৩ মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। নতুন এই ২৯ সদস্যের কমিটিতে সাধারণ সম্পাদক হয়েছেন সাবেক বডিবিল্ডিং খেলোয়ার ও ক্রীড়া সংগঠক রাসেদুর রহমান (নয়ন)। এছাড়া ৬ জন সহ-সভাপতি পদে রয়েছেন আদিল হোসেন নোবেল, মো. আব্দুল্লাহ, ইঞ্জি: জাহিদুল আলম, মো. মাহবুব আলম সুমন, রুশলান হোসেন ও মো. আসিফ মালেক। যুগ্ম সম্পাদকের দায়িত্বে রয়েছেন মো. খালেদ আব্দুল্লাহ (বাবু) ও মো: নূরুল ইসলাম খান নাঈম এবং কোষাধ্যক্ষ হিসেবে স্থান পেয়েছেন রনি দাস। ১৮ জন সদস্যের মধ্যে বিভিন্ন ক্রীড়া সংগঠক, শিল্পোদ্যোক্তা ও সাবেক খেলোয়াড়রা অন্তর্ভুক্ত আছেন। নতুন দায়িত্ব গ্রহণ বিষয়ে সভাপতি হাবিব উল্ল্যাহ ডন জানান, দেশের বডিবিল্ডিং অঙ্গনের মানোন্নয়ন এবং শরীরগঠন চর্চাকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়াই হবে তাদের মূল লক্ষ্য।  তিনি বলেন, ‘বডিবিল্ডিং আমার কাছে নতুন নয়, এই কমিউনিটির সঙ্গে আমি সুপরিচিত। যে কদিন দায়িত্বে থাকব, ফেডারেশনের মানোন্নয়ন আর সার্বিক কল্যাণে যা প্রয়োজন, সেই পদক্ষেপগুলোই নেওয়া হবে।’ প্রতিযোগিতার মাধ্যমে অ্যাথলেটদের পেশাদারিত্ব বাড়াতে দেশে নিয়মিত টুর্নামেন্ট আয়োজন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বডিবিল্ডারদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।  এ প্রসঙ্গে তিনি যোগ করেন, যেহেতু আমরা ক্রীড়া ফেডারেশন, তাই বিদেশে আমাদের নানা টুর্নামেন্টে অংশ নিতে হবে এবং দেশেও নিয়মিত প্রতিযোগিতার আয়োজন করতে হবে। কম্পিটিশন ছাড়া উন্নয়ন সম্ভব নয়। আমরা এই কার্যক্রমটি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে এগিয়ে নেব। আরটিভি/এসআর
শরীর গঠন ফেডারেশনের নতুন সভাপতি হাবিব উল্লাহ ডন
নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে বিসিবি, যা জানা গেল
বিসিবির তদন্ত প্রতিবেদনে নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন বিসিবির আইনজীবী মাহিন এম রহমান। তবে যৌন হয়রানি নিয়ে বিসিবির তদন্ত কমিটির রিপোর্ট কখনই প্রকাশ করা হবে না। এটা হাইকোর্টের রায়ের পরিপন্থী হবে ও ভিকটিমদের পরিচয় গোপন রাখার স্বার্থেই করা হবে না বলে জানিয়েছেন বিসিবির আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান।  বুধবার (৪ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। বাংলাদেশ নারী ক্রিকেট দলের যৌন হয়রানির তদন্তে দোষী প্রমাণিত হওয়ার পর সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয় নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামকে। এরপর অনেকটা গোপনেই সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে হাইকোর্টের দুটি বেঞ্চে রিট করেন মঞ্জুরুল। সেই শুনানিতেই নারীদের যৌন হয়রানির পুরো প্রতিবেদন তুলে ধরে বিসিবি। বিসিবির তদন্ত প্রতিবেদনে নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে বলে জানান বিসিবির আইনজীবী। তবে এই প্রতিবেদন কবে প্রকাশ করা হবে, এমন প্রশ্নে বিসিবির আইনজীবী বললেন, এটি প্রকাশ্যে কখনই আসবে না। কারণ এটিতে গোপনীয়তার নীতিমালা ভঙ্গ হবে। হাইকোর্টের নির্দেশনা ভিকটিমদের পরিচয় প্রকাশ করা যাবে না। সব কর্মক্ষেত্রে ও শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে ২০০৯ সালের ১৪ মে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন তার ভিত্তিতেই যৌন নির্যাতন প্রতিরোধে এরই মধ্যে বিসিবি কমিটি গঠন করেছে বলেও জানান বিসিবির এই আইনজীবী। আরটিভি/এসআর
নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে বিসিবি, যা জানা গেল
চ্যাম্পিয়নস লিগ / এমবাপ্পের রেকর্ড ভেঙে ইয়ামালের ইতিহাস
চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে অ্যাস্টোন ভিলাকে বড় ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। আর এই ম্যাচের শুরুতেই গোল করে এমবাপ্পের রেকর্ড ভেঙে দিয়েছেন লামিন ইয়ামাল। মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাতে ন্যু ক্যাম্পে সপ্তম মিনিটে গোল করে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা কিশোর হয়েছেন তিনি। সেই সঙ্গে পেছনে ফেলেছেন কিলিয়ান এমবাপ্পে। ২০১৭ সালে মোনাকোর জার্সিতে এই রেকর্ডটি গড়েছিলেন ফরাসি ফরোয়ার্ড। ১৩ গোল করে এতদিন রেকর্ডটি নিজের করে রেখেছিলেন তিনি। টুর্নামেন্টে এখন পর্যন্ত এমবাপ্পে ৭২ গোল করেছেন।  তবে ১৯ বছর বয়সী ইয়ামাল চ্যাম্পিয়নস লিগে ১৪তম গোল করেছেন। ইয়ামালের ১৪ গোল হয়েছে মাত্র ৩৭ ম্যাচে। এই সময়ে তিনি চ্যাম্পিয়নস লিগে আরও কয়েকটি রেকর্ড গড়েছেন।  চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেক হয়েছিল তার। পোর্তোর বিপক্ষে পূর্ণ ইউরোপিয়ান অভিষেক হয়েছিল তার মাত্র ১৬ বছর ৮৩ দিন বয়সে। চ্যাম্পিয়নস লিগ ম্যাচে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোল ও অ্যাসিস্টের রেকর্ডও এই স্পেন তারকার। সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে সেমিফাইনালে করেছেন গোল। তাছাড়া ১৮তম (৫) ও ১৯তম (১১) জন্মদিনের আগে সবচেয়ে বেশি গোল করা খেলোয়াড়ও তিনি। তবে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের মর্যাদা হারিয়েছেন তিনি। এই বছরের শুরুতে ম্যাক্স ডাউম্যান তার সেই রেকর্ড ভেঙে দেন।  ব্যালন ডি’অরের দৌড়ে হ্যারি কেইন ও এমবাপ্পের পর তৃতীয় হয়ে শেষ করা ইয়ামাল নতুন মৌসুম দারুণভাবে শুরু করেছেন। সব প্রতিযোগিতায় ১৫ ম্যাচ খেলে ১৩ গোল ও ১১ অ্যাসিস্ট তার। আরটিভি/এসআর
এমবাপ্পের রেকর্ড ভেঙে ইয়ামালের ইতিহাস
রাফিনিয়ার জোড়া গোলে বড় জয় বার্সেলোনার
চ্যাম্পিয়নস লিগের তৃতীয় রাউন্ডে পিএসজির কাছে হেরে মনোবলে বড় ধাক্কাই লেগেছিল বার্সেলোনার। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে কাতালানরা। ঘরের মাঠে অ্যাস্টোন ভিলা রীতিমতো বিধ্বস্ত করেছে স্বাগতিকরা।  মঙ্গলবার (৪ নভেম্বর) ন্যু ক্যাম্পে অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। শুরুতেই লামিনে ইয়ামালের গোলের পর দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন ইউরোপের সবচেয়ে সফল গোলদাতা রাফিনিয়া।  এদিন সপ্তম মিনিটে নিজেদের ভুলে গোল খায় সফরকারীরা। গোল কিক থেকে মারাত্মক ভুলে জোয়াও গোমেস সরাসরি ইয়ামালকে পাস দেন, ১২ গজ দূর থেকে তিনি কোনাকুনি শটে গোল করেন। ভিলা কয়েক মিনিটের মধ্যে সমতা ফেরানোর কাছে ছিল। দুটি কর্নার থেকে বার্সার এলেমেলো রক্ষণভাগের সুযোগ নিয়ে গোল করতে পারতো তারা। প্রথমে ম্যাটি ক্যাশের দূরের পোস্ট থেকে নেওয়া শট ডিফ্লেক্টেড হয়ে মাঠের বাইরে যায়।  পরেরটিতে গোমেস ভেবেছিলেন, তিনি হয়তো তার ভুলের প্রায়শ্চিত্ত করে ফেলেছেন। কিন্তু শেষ মুহূর্তে জোয়াও কানসেলো দারুণভাবে ব্লক করেন তার শট। ভিলা আত্মবিশ্বাস ফিরে পায় এবং বার্সার অর্ধে আক্রমণ করে।  ১৯তম মিনিটে সমতা ফেরানোর কাছে ছিল। নিকোলাস জ্যাকসন ডানপ্রান্ত দিয়ে এগিয়ে বল বাড়ান। জোহান মানজাম্বি গোলবারের পাশ দিয়ে বল মারেন। জ্যাকসনকে আবারও হতাশ হতে হয়। তাকে শুধু জোয়ান গার্সিয়াকে পরাস্ত করলেই হতো।  কিন্তু বার্সা কিপার এগিয়ে এসে পা দিয়ে ট্যাকল করে বল বিপদমুক্ত করেন। মানজাম্বি বক্সে ঢুকলে আবারও ভিলা হুমকি তৈরি করে, কিন্তু গার্সিয়া তা রুখে দেন। এত এত সুযোগ নষ্টের খেসারত দিতে হয়েছে অতিথি দলকে।  ৫২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বার্সা। ফারমিন লোপেজ বক্সের প্রান্তে রাফিনিয়াকে বল দেন এবং তার শট পাউ তোরেসের গোড়ালিতে লেগে দিক পাল্টে গোলপোস্টের কোণা দিয়ে জালে জড়ায়। ১২ মিনিট পর আসে তৃতীয় গোল। কানসেলো জন ম্যাকগিনকে কাটিয়ে রাফিনিয়াকে বল দেন, ছয় গজ দূর থেকে গোল করতে কোনো ভুল করেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। চলতি মৌসুমে ১৩ ম্যাচে ১৯ গোল হলো তার। লিওন গোরেৎকার একটি চমৎকার হেড গোলপোস্টে লাগলে ভিলার স্কোরশিটে নাম লেখা হয়নি। তারপর বোবাকার কামারাকে ভুল পাস দিয়ে বিপদে পড়েন ভিলা গোলরক্ষক জিওন সুজুকি। ফিরতি শটে ফারমিনকে রুখে দেন তিনি।  চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে সর্বোচ্চ কিশোর গোলদাতা হওয়া ইয়ামাল পরে দুটি শট নিলেও গোলবারের পাশ দিয়ে মারেন। চার ম্যাচে ভিলার সমান ৯ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের দ্বিতীয় স্থানে বার্সা। শীর্ষ দল পিএসজির (১২) চেয়ে তিন পয়েন্ট পেছনে তারা। আরটিভি/এসআর
রাফিনিয়ার জোড়া গোলে বড় জয় বার্সেলোনার
আরও পড়ুন
নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে বিসিবি, যা জানা গেল
বড় চমক দিয়ে এশিয়া কাপের দল ঘোষণা করল বিসিবি
বোলার হান্টে তৃণমূলের স্বপ্নপূরণের নতুন সম্ভাবনা
তামিমের এক ফোনেই যেভাবে ঢাকায় আইপিএলের নিলাম সঞ্চালক