শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ , ০২:৪৪ পিএম
বছরের শুরুতেই টালমাটাল অবস্থায় পড়েছে দেশের ক্রিকেট। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া এবং ভারতের মাটিতে বিশ্বকাপে বাংলাদেশ না খেলার সম্ভাবনা সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি উঠলেও এ নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি।
এরই মধ্যে বিসিবি পরিচালক নাজমুল ইসলামের এক মন্তব্যকে কেন্দ্র করে সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দেয় ক্রিকেটারদের সংগঠন কোয়াব (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ)। দিনভর নাটকীয়তার পর মধ্যরাতে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন ক্রিকেটাররা। বিসিবির পক্ষ থেকে জানানো হয়, সংশ্লিষ্ট পরিচালকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এরই অংশ হিসেবে নাজমুল ইসলামকে ইতোমধ্যে বিসিবির সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তাকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
এই ঘটনায় আলোচনায় উঠে আসে কয়েকজন জাতীয় দলের ক্রিকেটারের নাম। বৃহস্পতিবার দুপুরে কোয়াবের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস ও নুরুল হাসান সোহান।
এদিকে, অনেকের ধারণা এই আন্দোলনের পেছনে থেকে ক্রিকেটারদের উসকানি দিচ্ছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তবে এ গুঞ্জন উড়িয়ে দিয়েছেন মোহাম্মদ মিঠুন।
সংবাদ সম্মেলনে মিঠুন স্পষ্ট করে বলেন, কোয়াব শুধুই ক্রিকেটারদের স্বার্থে কাজ করে। এর বাইরে আমাদের কোনো দ্বিতীয় এজেন্ডা নেই।
তিনি জানান, কোয়াবের বর্তমান কমিটি গঠনের সময় ক্রিকেটারদের সংগঠিত করতে তামিম ইকবাল ভূমিকা রেখেছিলেন, তবে এরপর থেকে তিনি আর সরাসরি যুক্ত নন।
এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে মিঠুন বলেন, আমার কাছে মনে হয়, এই প্রশ্নটা তামিম ইকবালকেই করা উচিত। তার সঙ্গে স্পষ্ট করে বিষয়টা ক্লিয়ার করে নিন। কোয়াব গঠনের সময় তার একটা রোল ছিল, এটা আমি স্বীকার করি। কিন্তু এখন আমি নিশ্চিত করে বলতে পারি কোয়াবের সব সিদ্ধান্ত কোয়াবই নেয়। আমাদের কোনো সিদ্ধান্তে তৃতীয় কোনো ব্যক্তির প্রভাব নেই। প্লেয়ারদের স্বার্থ ছাড়া অন্য কোনো বিষয় এখানে বিবেচনায় আসে না।
আরটিভি/এসকে