সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ , ০৩:০০ পিএম
সাফ নারী ফুটসালে জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশ। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত টুর্নামেন্টে সোমবার (১৯ জানুয়ারি) নিজেদের তৃতীয় ম্যাচে নেপালকে ৩-০ গোলে হারিয়েছে সাবিনা খাতুনের দল।
ম্যাচের প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। অধিনায়ক সাবিনা খাতুন গোলের সূচনা করেন। এ নিয়ে তিন ম্যাচে তাঁর গোলসংখ্যা দাঁড়াল চারটিতে। প্রথম ম্যাচে তিনি জোড়া গোল করেন, পরের দুই ম্যাচে করেন একটি করে। প্রথমার্ধের দ্বিতীয় গোলটি করেন কৃষ্ণা রাণী সরকার। দারুণ দক্ষতায় বলের নিয়ন্ত্রণ নিয়ে দূর থেকে নেওয়া শটে নেপালের গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।
জাতীয় নারী ফুটবল দলের নিয়মিত সদস্য সাবিনা ও কৃষ্ণা বর্তমানে ফুটসালে ব্যস্ত সময় পার করছেন। ব্রিটিশ কোচ পিটার বাটলারের সঙ্গে সৃষ্ট দূরত্বের কারণে তাঁরা আপাতত জাতীয় ফুটবল দলের বাইরে রয়েছেন।
দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। নেপালের গোলরক্ষক একের পর এক আক্রমণ ঠেকাতে ব্যস্ত থাকলেও লিপি আক্তারের জোরালো শট ঠেকাতে পারেননি। ফ্রি-কিক থেকে সুমাইয়ার বাড়ানো বলে বক্সের বাইরে থেকে দারুণ শটে গোলটি করেন লিপি। ম্যাচের শেষ দিকে নেপালের আক্রমণগুলো দক্ষতার সঙ্গে সামাল দেন বাংলাদেশের গোলরক্ষক ঝিলি।
এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে। নেপালের বিপক্ষে জয়ের ফলে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শিরোপার দৌড়ে শক্ত অবস্থানে রয়েছে সাবিনারা।
এবারের সাফ নারী ও পুরুষ ফুটসালে মোট সাতটি দল অংশগ্রহণ করছে। ছয় ম্যাচ শেষে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল চ্যাম্পিয়ন হবে। বাংলাদেশ পুরুষ ফুটসাল দল তিন ম্যাচে সংগ্রহ করেছে চার পয়েন্ট। মঙ্গলবার তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ নারী ফুটসাল দল।
আরটিভি/এসকে