মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ , ০৮:৫৭ এএম
আগামী মাসে অনুষ্ঠেয় টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড অংশ নিতে পারে এমন গুঞ্জন থাকলেও এ বিষয়ে এখনো স্কটল্যান্ডের সঙ্গে কোনো ধরনের আলোচনা করেনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে সুযোগ এলে অংশ নিতে প্রস্তুত থাকার কথা জানিয়েছেন স্কটিশ ক্রিকেটাররা। খবর বিবিসির।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দীর্ঘদিন ধরেই আইসিসিকে জানিয়ে আসছে যে, তারা ভারতে অনুষ্ঠেয় টি–টোয়েন্টি বিশ্বকাপে যেতে আগ্রহী নয়। এ কারণে বিসিবি আইসিসির কাছে ম্যাচগুলো অন্য কোনো দেশে আয়োজনের অনুরোধ জানিয়েছে। শেষ পর্যন্ত বাংলাদেশ যদি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়, তাহলে টুর্নামেন্টে অংশ না নেওয়া সর্বোচ্চ র্যাঙ্কিংধারী দলকে অন্তর্ভুক্ত করার কথা রয়েছে। সে ক্ষেত্রে সুযোগ পেতে পারে স্কটল্যান্ড।
তবে আইসিসির বরাতে বিবিসি স্পোর্ট জানিয়েছে, এ বিষয়ে এখনো ক্রিকেট স্কটল্যান্ডের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি সম্মান দেখিয়ে স্কটিশ ক্রিকেট কর্তৃপক্ষও নিজেরা থেকে কোনো আলোচনা শুরু করতে চায় না।
উল্লেখ্য, গত গ্রীষ্মে ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে চতুর্থ হওয়ায় ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের টিকিট হারায় স্কটল্যান্ড। ওই আসরে নেদারল্যান্ডস ও ইতালি অঞ্চল থেকে জায়গা নিশ্চিত করে। এরই মধ্যে স্কটল্যান্ডের ক্রিকেটাররা অনুশীলনে ফিরেছেন। তারা মার্চ মাসে নামিবিয়া ও ওমানের বিপক্ষে উইন্ডহুকে অনুষ্ঠিতব্য একদিনের আন্তর্জাতিক ত্রিদেশীয় সিরিজের প্রস্তুতি নিচ্ছেন।
বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশ টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে কি না এবং ভারতে ভ্রমণ করবে কি না সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবারের মধ্যেই নেওয়া হতে পারে।
বাংলাদেশ সরে দাঁড়ালে কোন মানদণ্ডে বিকল্প দল নেওয়া হবে, তা জানতে আইসিসির সঙ্গে যোগাযোগ করে বিবিসি স্পোর্ট। উল্লেখযোগ্যভাবে, ২০০৯ সালে রাজনৈতিক কারণে ইংল্যান্ডে অনুষ্ঠিত টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে জিম্বাবুয়ে সরে দাঁড়ালে তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। সে সময় তারা ছিল বৈশ্বিক বাছাইপর্বের ‘পরবর্তী সেরা দল’।
তবে ২০২৪ সাল থেকে টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০ দলে উন্নীত হওয়া এবং অঞ্চলভিত্তিক বাছাইপর্ব চালু হওয়ায় এবার বিষয়টি ততটা সরল নয়। বর্তমানে আইসিসির টি–টোয়েন্টি র্যাংকিংয়ে স্কটল্যান্ডের অবস্থান ১৪তম।
এদিকে ইএসপিএনক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ পরিবর্তনের অনুরোধ জানিয়েছে। আয়ারল্যান্ডের সব ম্যাচ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে ক্রিকেট আয়ারল্যান্ডের এক মুখপাত্র বিবিসি স্পোর্টকে জানিয়েছেন, তাদের ‘নিশ্চিত করা হয়েছে যে সূচিতে কোনো পরিবর্তন আনা হচ্ছে না’। যদিও পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলেও জানান।
আরটিভি/এসকে