images

খেলা / ক্রিকেট

আফগানিস্তানের কাছে পাত্তাই পেল না ওয়েস্ট ইন্ডিজ

মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ , ০৯:০৭ এএম

টি–টোয়েন্টি ক্রিকেটের উপযোগী তারকাবহুল দল নিয়েও আফগানিস্তানের কাছে কোনো প্রতিরোধ গড়তে পারল না ওয়েস্ট ইন্ডিজ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার (১৯ জানুয়ারি) অনুষ্ঠিত তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ক্যারিবিয়ানদের ৩৮ রানে হারিয়েছে আফগানিস্তান।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক রশিদ খান। তার এই সিদ্ধান্ত যে পুরোপুরি সঠিক ছিল, তা প্রমাণ করে ব্যাট হাতে দলের পারফরম্যান্স। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮১ রানের শক্ত সংগ্রহ গড়ে আফগানরা।

যদিও ইনিংসের শুরুটা ভালো হয়নি। মাত্র ১৯ রানের মধ্যেই তিন ওভারে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। তবে এরপর ইব্রাহিম জাদরান ও দারবিশ রাসোলি তৃতীয় উইকেটে ১৬২ রানের বিশাল জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেন। দুজনই খেলেন দায়িত্বশীল ও আক্রমণাত্মক ইনিংস।

ইব্রাহিম জাদরান অপরাজিত থেকে ৫৬ বলে ৮৭ রান করেন। তার ইনিংসে ছিল ৮টি চার ও ৩টি ছক্কা। অন্যদিকে দারবিশ রাসোলি ৫৯ বলে ৮৪ রান করেন, যেখানে ছিল ৮টি চার ও ২টি ছক্কা। ইনিংসের শেষ বলে আউট হন তিনি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ম্যাথিউ ফোর্ড ও জেডেন সিলস একটি করে উইকেট শিকার করেন।

১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফগান বোলারদের নিয়ন্ত্রিত ও ধারাবাহিক আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে মাত্র ১৪৩ রান। কোনো ব্যাটারই বড় ইনিংস খেলতে ব্যর্থ হন।

আরও পড়ুন
ICC

বাংলাদেশের বিকল্প স্কটল্যান্ডের সঙ্গে আলোচনাই করেনি আইসিসি

দলের পক্ষে কুইন্টন স্যাম্পসন ২৪ বলে ৩০ রান করে সর্বোচ্চ স্কোরার হন। এছাড়া গুদাকেশ মোটে (২৮), জনসন চার্লস (২৭) ও ম্যাথিউ ফোর্ড (২৫) কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। আফগানিস্তানের বোলিংয়ে সবচেয়ে সফল ছিলেন জিয়াউর রহমান। তিনি ৩ উইকেট নেন। তাকে দারুণভাবে সহায়তা করেন রশিদ খান, নূর আহমেদ ও মুজিব উর রহমান। তিনজনই দুটি করে উইকেট শিকার করেন।

ব্যাট হাতে ঝোড়ো ইনিংসের পাশাপাশি ফিল্ডিংয়ে তিনটি ক্যাচ নেওয়ার সুবাদে ম্যাচসেরার পুরস্কার পান দারবিশ রাসোলি।

আরটিভি/এসকে