বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ , ০১:৪২ পিএম
চলমান বিপিএলে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে চট্টগ্রাম রয়্যালস। দলের এই সাফল্যের পেছনে অধিনায়ক শেখ মেহেদীর নেতৃত্বকে বড় কারণ হিসেবে দেখছেন টিম ডিরেক্টর হাবিবুল বাশার সুমন।
ফাইনাল নিশ্চিত করার পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে শেখ মেহেদীর অধিনায়কত্বের প্রশংসা করেন বাশার। তিনি বলেন, পুরো টুর্নামেন্টজুড়েই শেখ মেহেদী একজন পরিণত নেতার পরিচয় দিয়েছেন। বিশেষ করে বোলিং পরিবর্তন ও ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনি ছিলেন দুর্দান্ত।
বাশারের ভাষায়, ব্রিলিয়ান্ট! খুব ভালো করছে। স্পেশালি তার বোলিং পরিবর্তনগুলো অসাধারণ। কখন কাকে ব্যবহার করতে হয়, আর কখন প্ল্যান বি-তে যেতে হয় সবকিছু খুব ভালোভাবে কার্যকর করেছে। চাপের মুহূর্তে মাথা ঠান্ডা রাখতে পেরেছে, এটাই সবচেয়ে বড় গুণ।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ মেহেদীকে গরিবের সাকিব আল হাসান’ বলে তুলনা করা নিয়ে স্পষ্ট অবস্থান নেন সাবেক এই অধিনায়ক। তিনি মনে করেন, এ ধরনের তুলনা একেবারেই অনুচিত।
বাশার বলেন, গরিব কথাটা বলাই উচিত না। আমার মনে হয়, শেখ মেহেদীর সঙ্গে কারও তুলনা করা ঠিক না। শেখ মেহেদী শেখ মেহেদীই, আর সাকিব আল হাসান সাকিব আল হাসানই। শেখ মেহেদী তার জায়গা থেকে যেটা করছে, আমরা তাতেই সন্তুষ্ট।
শেখ মেহেদীর নেতৃত্বে চট্টগ্রাম রয়্যালসের ফাইনালে ওঠা দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।
আরটিভি/এসকে