images

খেলা / ক্রিকেট

ক্রিকেটারদের ডাকার কারণ জানালেন ক্রীড়া উপদেষ্টা

বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ , ০৬:৪২ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ভারত বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে এক দিনের সময় দিয়েছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নির্ধারিত সময়ের মধ্যেই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বাংলাদেশ সরকার ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ দল।

আজ দুপুরে বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠকে উপস্থিত ছিলেন বিসিবির একাধিক কর্মকর্তা। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল, সরকার কেন এই সিদ্ধান্ত নিয়েছে সে বিষয়ে ক্রিকেটারদের বিস্তারিতভাবে অবহিত করা।

বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আসিফ নজরুল বলেন, ক্রিকেটারদের সঙ্গে কী আলোচনা হয়েছে বা তারা কী বলেছেন, তা প্রকাশ করা হবে না। তার ভাষায়, আমি যদি তাদের কথাগুলো বাইরে বলে দিই, তাহলে ভবিষ্যতে তারা মন খুলে কথা বলতে পারবে না।

তিনি জানান, সরকার বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তের পুরো প্রেক্ষাপট ক্রিকেটারদের সামনে তুলে ধরেছে। আমাদের উদ্দেশ্য ছিল সরকার কেন এই সিদ্ধান্ত নিয়েছে, সেটা তাদের বোঝানো। আমার কাছে মনে হয়েছে, তারা বিষয়টি বুঝতে পেরেছে,বলেন তিনি।

ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, আইসিসির সঙ্গে একাধিক বৈঠকে বাংলাদেশ নিরাপত্তা ঝুঁকির বিষয়টি তুলে ধরেছে। এরপরও আইসিসি ভারতে খেলতে চাপ দিয়েছে, যা বাংলাদেশের প্রতি সুবিচার নয় বলে মন্তব্য করেন তিনি।

ভারতে না যাওয়ার সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকেই নেওয়া হয়েছে এবং এ বিষয়ে সরকার অনড় রয়েছে এ কথা পুনর্ব্যক্ত করে আসিফ নজরুল বলেন, নিরাপত্তা উদ্বেগের জায়গায় কোনো পরিবর্তন আসেনি।

আরও পড়ুন
RONALDO

রোনালদোর ভাস্কর্যে আগুন, রহস্যজনক বার্তা দিয়ে ভিডিও পোস্ট তরুণের

তিনি বলেন, আইসিসির টুর্নামেন্ট মানেই তো ভারত নয়। আইসিসি যতই বলুক নিরাপত্তা ঝুঁকি নেই, আইসিসি নামে আলাদা কোনো দেশ নেই। যে দেশে আমাদের একজন খেলোয়াড় নিরাপত্তা পায়নি, যেখানে ভারতের ক্রিকেট বোর্ড কার্যত সরকারের বর্ধিত অংশ হিসেবে কাজ করে, তারাই উগ্রবাদীদের চাপে আমাদের খেলোয়াড়কে নিরাপত্তা দিতে ব্যর্থ বা অনীহা দেখিয়েছে।

এ অবস্থায় ক্রিকেটারদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভারত বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তই বহাল রাখছে বাংলাদেশ সরকার।

আরটিভি/এসকে