বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬ , ০৫:০৮ পিএম
বাংলাদেশের প্রথম ব্যাট উৎপাদনকারী প্রতিষ্ঠান এমকেএস। এই প্রতিষ্ঠানটির অন্যতম প্রতিষ্ঠাতা মালিক জাতীয় দলের অলরাউন্ডার ও ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবে সম্প্রতি নিজের প্রতিষ্ঠানের ব্যাট দিয়ে খেলছেন না তিনি। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন মিরাজ নিজেই। যদিও তার ব্যাখ্যাকে অনেকেই কিছুটা অদ্ভুত বলেই মনে করছেন।
বুধবার (২৮ জানুয়ারি) এমকেএসের এক অনুষ্ঠানে মিরাজ বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে খেলায় স্পন্সরশিপের বিষয়টি বড় ভূমিকা রাখে। মিরাজের ভাষায়, আমি তো আন্তর্জাতিক ক্রিকেট খেলছি। স্পন্সরের বিষয় আছে। এর আগে কয়েকটা কোম্পানির ব্যাট দিয়ে খেলেছি। স্পন্সরশিপ ছিল, নির্দিষ্ট সময়ের জন্য চুক্তিবদ্ধ ছিলাম, ওই সময়ের মধ্যে অন্য ব্যাট দিয়ে খেলা সম্ভব হয় না। মাঝখানে খেলেছি। আবার খুব তাড়াতাড়ি এমকেএস ব্যাট দিয়ে খেলতে দেখতে পারবেন।
নিজের প্রতিষ্ঠানের ব্যাট দিয়ে আবারও মাঠে নামতে মুখিয়ে আছেন এই অলরাউন্ডার। তিনি জানান, এমকেএস ব্যাট দিয়ে খেলার অভিজ্ঞতা তার জন্য বিশেষ কিছু। এটা তো আমাদেরই কোম্পানি, আমারই কোম্পানি। এটা যদি ভালো জায়গায় যায় আর আমি খেলতে পারি, অবশ্যই ভালো লাগবে, বলেন মিরাজ।
অতীতের স্মৃতিচারণা করতে গিয়ে তিনি জানান, ওয়েস্ট ইন্ডিজ সফরে এমকেএস ব্যাট দিয়েই দুটি ফিফটি করেছিলেন তিনি।
ওই ট্যুরে শাহীন ভাই আমাকে ব্যাট দিয়েছিলেন। বিপিএলে গত বছর ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছিলাম, ২১টি ছক্কা মেরেছিলাম এমকেএস ব্যাট দিয়ে। ওই অনুভূতি অন্য পর্যায়ের ছিল। নিজের কোম্পানির ব্যাট, নিজে খেলছি এটা অন্যরকম অনুভূতি।
মিরাজ আরও দাবি করেন, গত দুই বছরে আন্তর্জাতিক ক্রিকেটে করা বেশিরভাগ রানই এসেছে এমকেএস ব্যাট হাতে নিয়েই।
ব্যাট তৈরির পুরো বিষয়টি মূলত দেখভাল করেন শাহীন এ কথাও জানান মিরাজ। তিনি বলেন, শাহীন ভাইকে অনুরোধ করেছি, আমাকে শুধু না প্রত্যেক কাস্টমারকে ঠিক আমার মতোই দেখবেন। আমি মিরাজ বলেই ভালো জিনিস দেবেন, এমন না। আমরা চাই সবাই ভালো ব্যাট পাক।
এমকেএস ব্যাটের প্রতি অন্যান্য খেলোয়াড়দের আগ্রহের কথাও তুলে ধরেন মিরাজ। তার ভাষ্য অনুযায়ী, বিপিএলের বেশ কয়েকজন খেলোয়াড় এই ব্যাট ব্যবহার করেছেন। আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইসহ আরও অনেকে এমকেএস ব্যাট নিয়েছেন। সবশেষে আশাবাদী কণ্ঠে মিরাজ বলেন, দিন দিন এমকেএস আরও ভালো জায়গায় যাবে এই বিশ্বাসই তাকে অনুপ্রাণিত করছে।
আরটিভি/এসকে