বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬ , ০৬:২৫ পিএম
শ্রীলঙ্কার লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) দল ডাম্বুলা থান্ডারসের মালিক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক তামিম রহমানকে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে চার বছরের স্থগিত কারাদণ্ড ও ২ কোটি ৪০ লাখ শ্রীলঙ্কান রুপির জরিমানা করা হয়েছে।
তামিমের বিরুদ্ধে ২০২৪ সালে অভিযোগ উঠে এবং তদন্ত শেষে শ্রীলঙ্কার আদালত তাকে দোষী সাব্যস্ত করে। পুলিশের জেরায় নিজেই তার অপরাধ স্বীকার করেছেন তিনি। তদন্তে দেখা গেছে, লিগ চলাকালীন তামিম বিভিন্ন ক্রিকেটারকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছিলেন।
প্রথমে নিম্ন আদালত চার বছরের সাজা দিয়েছিলো তাকে, পরে কলম্বো হাই কোর্ট সেই সাজা পাঁচ বছর পর্যন্ত বৃদ্ধি করে। তবে সর্বশেষ স্থগিত কারাদণ্ডের সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
২০১৯ সালে শ্রীলঙ্কায় ক্রিকেটের দুর্নীতি রোধে কঠোর আইন প্রণয়ন করা হয়। এই আইন মোতাবেক ম্যাচ ফিক্সিংয়ের কোনো অভিযোগ থাকলে কঠোর শাস্তি নিশ্চিত করা হয়।
তামিম ফিক্সিং অভিযোগ ওঠার পর দুবাই পালানোর চেষ্টা করলেও কলম্বো বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর কয়েক সপ্তাহ জেলে আটক থাকাকালীন পুলিশি জেরায় তার দোষ স্বীকার পায় প্রশাসন।
এ ঘটনায় ডাম্বুলা থান্ডারসের ম্যানেজার মুজিব উর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। মুজিব পাকিস্তানের নাগরিক এবং এখনও তার সন্ধান পাওয়া যায়নি।
এই ঘটনার ফলে শ্রীলঙ্কার ক্রিকেটে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোরালো সংকেত দেয়া হলো এবং আইনের আওতায় আসা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের সংকল্প প্রকাশ পেয়েছে।
আরটিভি/এসকে