images

খেলা / ক্রিকেট

এবার অস্ট্রেলিয়ার আপত্তি, ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা

শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬ , ১০:১৬ পিএম

ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাবের আশঙ্কায় ইংল্যান্ডের আপত্তির পর এবার উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়াও। ফলে টুর্নামেন্ট আয়োজন ও ভেন্যু নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে আন্তর্জাতিক অঙ্গনে।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিএনএন এইচডির এক প্রতিবেদনে বলা হয়েছে, নিপাহ ভাইরাসের সংক্রমণ ঝুঁকির কারণে ভারতীয় মাটিতে বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আপত্তির কথা জানিয়েছে ইংল্যান্ড। দেশটির অবস্থানের পর বিষয়টি আরও গুরুত্ব পাচ্ছে।

এদিকে অস্ট্রেলিয়ার ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার জানিয়েছেন, নিপাহ ভাইরাস পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। এক বিবৃতিতে তিনি বলেন, বর্তমানে অসুস্থ যাত্রীদের জন্য বিদ্যমান স্বাস্থ্যবিধি পরিবর্তনের প্রয়োজন না হলেও দেশটি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এশিয়ার কয়েকটি বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা জোরদার করা হলেও অস্ট্রেলিয়ার বিমানবন্দরগুলোতে এখনও অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করা হয়নি।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, নিপাহ ভাইরাস করোনাভাইরাসের চেয়েও বেশি প্রাণঘাতী হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, এই ভাইরাসে আক্রান্তদের মৃত্যুহার ৪০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত হতে পারে। পরিস্থিতি মোকাবিলায় ভারতের ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) স্বাস্থ্যকর্মীদের জন্য মাস্ক, গগলস ও পিপিই ব্যবহারের কঠোর নির্দেশনা জারি করেছে।

এই প্রেক্ষাপটে খেলোয়াড় ও সংশ্লিষ্টদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। আন্তর্জাতিক পর্যায়ে নিপাহ ভাইরাসের ঝুঁকি নিয়ে আলোচনা জোরদার হওয়ায় অংশগ্রহণকারী দলগুলোর মধ্যেও সতর্কতা বৃদ্ধি পাচ্ছে।

আরও পড়ুন
sakib

সাকিব আল হাসানকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলাতে চান আশরাফুল

জিএনএন এইচডির প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ইংল্যান্ডের অবস্থানের পর ইউরোপের আরও কয়েকটি দেশ ভারতে খেলতে অনিচ্ছা প্রকাশ করছে। এমন পরিস্থিতিতে পুরো টুর্নামেন্ট শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার সম্ভাবনা নিয়েও আলোচনা শুরু হয়েছে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী, ২০ দলের এই বিশ্বকাপের ৫৫টি ম্যাচের মধ্যে ২০টি শ্রীলঙ্কায় এবং বাকি ৩৫টি ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

তবে শেষ মুহূর্তে ভেন্যু পরিবর্তন করা আইসিসির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। কারণ এর আগে নিরাপত্তাজনিত কারণে ভেন্যু পরিবর্তনের জন্য বাংলাদেশের অনুরোধ প্রত্যাখ্যান করেছিল সংস্থাটি, যা বর্তমান পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

আরটিভি/এসকে