শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬ , ১০:৩১ পিএম
আরেকটি অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখলেন সার্বিয়ান টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচ। গভীর রাতে মেলবোর্ন পার্কে অনুষ্ঠিত পাঁচ সেটের রোমাঞ্চকর সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ইয়ানিক সিনারকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জায়গা করে নিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
দুইবার পিছিয়ে পড়েও দমে যাননি জোকোভিচ। শেষ পর্যন্ত ৩-৬, ৬-৩, ৪-৬, ৬-৪, ৬-৪ সেটে জয় তুলে নিয়ে জীবনের সম্ভাব্য ২৫তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপার স্বপ্ন জিইয়ে রাখলেন তিনি।
এই জয়ের মাধ্যমে অস্ট্রেলিয়ান ওপেনের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন জোকোভিচ। ওপেন যুগে সবচেয়ে বেশি বয়সে পুরুষদের একক ফাইনালে ওঠা খেলোয়াড় এখন তিনি। এটি তার ক্যারিয়ারের ১১তম অস্ট্রেলিয়ান ওপেন ফাইনাল এবং সব মিলিয়ে ৩৮তম গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল।
ম্যাচের শুরুটা ছিল পুরোপুরি ইয়ানিক সিনারের নিয়ন্ত্রণে। প্রথম সেটে দ্রুত এগিয়ে যান বিশ্ব র্যাংকিংয়ের দুই নম্বর এই ইতালিয়ান তারকা। দ্বিতীয় সেটে অভিজ্ঞতার ঝলক দেখিয়ে সমতা ফেরান জোকোভিচ। তবে তৃতীয় সেট জিতে আবারও ম্যাচের লাগাম নিজের হাতে নেন সিনার। তখন মনে হচ্ছিল, ডিফেন্ডিং চ্যাম্পিয়নই হয়তো ফাইনালের পথে এগিয়ে যাচ্ছেন।
কিন্তু ঠিক এখানেই শুরু হয় জোকোভিচের চেনা লড়াই। চতুর্থ সেটে আক্রমণাত্মক রিটার্ন ও নিখুঁত সার্ভে ম্যাচ টেনে নেন নির্ণায়ক পঞ্চম সেটে। শেষ সেটে একের পর এক ব্রেক পয়েন্ট বাঁচিয়ে মানসিক দৃঢ়তা ও অভিজ্ঞতার পরীক্ষায় জয় ছিনিয়ে নেন সার্বিয়ান কিংবদন্তি।
এই জয়ের ফলে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে আবারও দেখা যাবে প্রতীক্ষিত দ্বৈরথ। শিরোপা লড়াইয়ে জোকোভিচের প্রতিপক্ষ স্পেনের তরুণ সেনসেশন কার্লোস আলকারাজ। একদিকে ইতিহাস গড়ার হাতছানি সবচেয়ে বেশি বয়সে গ্র্যান্ড স্ল্যাম জয়ের সুযোগ জোকোভিচের সামনে। অন্যদিকে আলকারাজ চাইবেন সবচেয়ে কম বয়সে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করতে।
ফলে মেলবোর্নে অপেক্ষা করছে প্রজন্মের সংঘর্ষে ভরপুর আরেকটি ঐতিহাসিক ফাইনাল।
আরটিভি/এসকে