images

খেলা / ক্রিকেট

বিশ্বকাপের আগে পাকিস্তানকে ‘অপমান’ করলো অস্ট্রেলিয়া!

শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬ , ০৬:২৭ পিএম

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। তবে এর মধ্যেই প্রস্তুতির অংশ হিসেবে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলছে সালমান আলী আগার নেতৃত্বাধীন পাকিস্তান দল। যদিও এই সিরিজে পূর্ণ শক্তির দল পাঠায়নি অস্ট্রেলিয়া, যা নিয়ে পাকিস্তানে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ার এমন দল নির্বাচনকে পাকিস্তানের ক্রিকেট সমর্থকদের প্রতি ‘অপমানজনক’ বলছেন দেশটির সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরা।

সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া এসইএনএভুক্ত দেশগুলো পাকিস্তান সফরে এসে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রামে রাখছে। চলমান তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজেও অস্ট্রেলিয়া তাদের বিশ্বকাপ স্কোয়াডের একাধিক তারকা খেলোয়াড়কে দলে রাখেনি। প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, টিম ডেভিড, গ্লেন ম্যাক্সওয়েল ও নাথান এলিস এই সিরিজে নেই।

ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে চোট থেকে সেরে ওঠা ও বিশ্রামের প্রয়োজনের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত প্রথম টি–টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়া তিনজন ক্রিকেটারকে অভিষেক করায়। পাশাপাশি সফরকারী দলের অভিজ্ঞ খেলোয়াড়দের মধ্যে অধিনায়ক মিচেল মার্শ, মার্কাস স্টয়নিস, উইকেটকিপার জশ ইংলিস এবং মূল পেসার স্কট অ্যাবট ও বেন ডোয়ারশুইসকে একাদশে রাখা হয়নি।

এই দল নির্বাচন ঘিরে পাকিস্তানের ক্রিকেট অঙ্গনে সমালোচনার ঝড় উঠেছে। ক্রিকেট বিশ্লেষক ও লেখক ওমায়ার আলাভি বলেন, তারা এমনিতেই মূল খেলোয়াড়দের ছাড়া পাকিস্তানে এসেছে, তার ওপর প্রথম ম্যাচে স্কোয়াডের সেরা খেলোয়াড়দেরও খেলায়নি। আমি এটিকে পাকিস্তানের ক্রিকেট সমর্থকদের জন্য অপমান হিসেবেই দেখি।

পাকিস্তানের সাবেক অধিনায়ক মঈন খান এটিকে বৃহত্তর একটি প্রবণতার অংশ হিসেবে দেখছেন। তার মতে, সাম্প্রতিক সময়ে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া দুর্বল দল নিয়ে পাকিস্তানে এসেছে। মনে হচ্ছে তারা শুধু আনুষ্ঠানিকতা রক্ষার জন্যই এখানে সিরিজ খেলতে আসছে, যা আমাদের ক্রিকেটের জন্য ক্ষতিকর।

আরও পড়ুন
australia

বড় দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া

এদিকে সাবেক টেস্ট ব্যাটার ও প্রধান নির্বাচক হারুন রশিদ মনে করেন, এই পরিস্থিতিতে পাকিস্তানের উচিত সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার করা। তিনি বলেন, বিশ্বকাপের এত কাছাকাছি সময়ে এসে তিন ম্যাচের সিরিজ খেলেও সেরা খেলোয়াড়দের না খেলানো বিস্ময়কর, বিশেষ করে যখন বিশ্বকাপেও তাদের একই ধরনের কন্ডিশনে খেলতে হবে।

আরটিভি/এসকে