বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬ , ০৬:০৭ পিএম
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। নেপালের পোখারায় বুধবার অনুষ্ঠিত তৃতীয় ম্যাচে স্বাগতিক নেপালকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে টানা তিন জয়ে ৯ পয়েন্ট সংগ্রহ করে ফাইনাল নিশ্চিত করে লাল-সবুজের মেয়েরা।
এর আগে দ্বিতীয় ম্যাচে ভারতকে হারিয়ে ফাইনালের পথে বড় সুবিধা নিয়েছিল বাংলাদেশ। নেপালের বিপক্ষে শেষ ম্যাচে জয় দিয়ে সেই লক্ষ্য পূরণ করে পিটার বাটলারের শিষ্যরা।
ম্যাচের তৃতীয় মিনিটেই মিরা খাতুনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করেন আলপি আক্তার। দ্বিতীয়ার্ধেও দাপট বজায় রেখে ৬৬ মিনিটে নিজের দ্বিতীয় ও ৮২ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন আলপি। শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
দিনের প্রথম ম্যাচে ভারত ৮-০ গোলে ভুটানকে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে অপেক্ষায় ছিল বাংলাদেশ-নেপাল ম্যাচের ফলের দিকে। নেপালের হারেই বাংলাদেশের সঙ্গে ভারতের ফাইনাল নিশ্চিত হয়।
লিগ পর্ব শেষে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ এবং ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভারত। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হবে। শনিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত ফাইনাল।
উল্লেখ্য, ২০২৪ সালে ঢাকায় অনুষ্ঠিত আসরের ফাইনালেও মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ভারত। সেই ম্যাচ নির্ধারিত সময় ও টাইব্রেকারে অমীমাংসিত থাকায় দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল।
আরটিভি/এসকে