images

খেলা / ক্রিকেট

বাংলাদেশ না থাকলেও ঘরে বসে যেভাবে দেখবেন টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ

বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬ , ০৫:০৪ পিএম

নিরাপত্তা ইস্যুতে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল। তবে বৈশ্বিক এই আসরের সব ম্যাচ ঘরে বসেই উপভোগ করতে পারবেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে টিএসএম ও র‍্যাবিটহোলবিডি অ্যাপ। পাশাপাশি দেশের একমাত্র ক্রীড়া চ্যানেল টি-স্পোর্টস এবং নাগরিক টিভিতেও বিশ্বকাপের ম্যাচ দেখা যাবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি এসব তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, টিএসএম একটি বাংলাদেশি মালিকানাধীন সম্প্রচার প্রতিষ্ঠান, যা নিয়মিতভাবে দেশের বাইরে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় সিরিজ ও আইসিসি ইভেন্টগুলো বাংলাদেশে সম্প্রচার করে থাকে। অন্যদিকে র‍্যাবিটহোল বিডি অ্যাপ মূলত গাজী টিভির ইউটিউবভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম।

আয়োজক দেশ ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো টিভিতে সম্প্রচার করবে স্টার স্পোর্টস। এছাড়া ডিজিটাল প্ল্যাটফর্ম জিওস্টার ও জিও হটস্টারেও খেলা দেখার সুযোগ থাকছে। সহ-আয়োজক শ্রীলঙ্কায় এই টুর্নামেন্ট সরাসরি সম্প্রচার করবে ডায়লগ টিভি, পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও ম্যাচ উপভোগ করতে পারবেন দর্শকেরা।

আরও পড়ুন
hamza

হামজাকে নিয়ে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

এরই মধ্যে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিপর্বের ম্যাচ। আইসিসি জানিয়েছে, এই প্রস্তুতিপর্বের ম্যাচগুলোও বাংলাদেশে টিএসএম ও র‍্যাবিটহোলবিডি অ্যাপের মাধ্যমে সম্প্রচার করা হচ্ছে।

উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০ দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে মোট ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ দল নাম প্রত্যাহার করায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি নতুন করে প্রকাশ করেছে আইসিসি।

আরটিভি/এসকে