শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ , ০২:১২ পিএম
সৌদি আরবের ক্লাব আল-নাসরে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হচ্ছে। টানা দ্বিতীয় ম্যাচে মাঠে নামেননি পর্তুগিজ এই সুপারস্টার। যদিও তাকে ছাড়াই সৌদি প্রো লিগে আল-ইত্তিহাদকে ২-০ গোলে হারিয়েছে আল-নাসর।
শুক্রবারের (৬ ফেব্রুয়ারি) ম্যাচে আল-নাসরের হয়ে জয় নিশ্চিত করেন সাবেক লিভারপুল ফরোয়ার্ড সাদিও মানে ও ব্রাজিলিয়ান অ্যাটাকার অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল। ম্যাচের শেষ দিকে একটি করে গোল করেন তারা।
এর আগে, সোমবার আল রিয়াদের বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচেও দলে ছিলেন না রোনালদো। সে ম্যাচে আল-নাসরের একদল সমর্থক হলুদ রঙের প্ল্যাকার্ড তুলে রোনালদোর নাম ও ৭ নম্বর জার্সি প্রদর্শন করে সমর্থন জানান। এতে স্পষ্ট হয়, ক্লাবের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে সমর্থকদের মাঝেও উদ্বেগ তৈরি হয়েছে।
পর্তুগিজ সংবাদমাধ্যম ‘আ বোলা’ জানিয়েছে, সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) যেভাবে ক্লাব পরিচালনা করছে, তাতে অসন্তুষ্ট হয়ে রোনালদো নিজেই খেলতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে সৌদি প্রো লিগ কর্তৃপক্ষ বিবিসি স্পোর্টকে জানিয়েছে, আল-নাসরের অগ্রযাত্রায় রোনালদোর অবদান গুরুত্বপূর্ণ হলেও কোনো ব্যক্তি, যত বড় তারকাই হোন না কেন, ক্লাবের বাইরে গিয়ে সিদ্ধান্ত নিতে পারেন না।
২০২২ সালের ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর আল-নাসরে যোগ দেন রোনালদো। বছরে প্রায় ১৭৭ মিলিয়ন পাউন্ড বেতনে তিনি ফুটবল ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়। সে সময় ক্লাবটি তার চুক্তিকে আখ্যা দিয়েছিল ‘ইতিহাসের অংশ’ হিসেবে।
তবে সৌদি আরবে এখন পর্যন্ত রোনালদোর একমাত্র বড় শিরোপা ২০২৩ সালের আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা ২০২৫ সালের জুনে আল-নাসরের সঙ্গে নতুন করে দুই বছরের চুক্তি নবায়ন করেন।
বিবিসি স্পোর্টের খবরে বলা হয়েছে, রোনালদোর হতাশার অন্যতম কারণ সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ করিম বেনজেমার আল-ইত্তিহাদ ছেড়ে আল-হিলালে যোগ দেওয়া। চলতি সপ্তাহেই আল-হিলালের হয়ে অভিষেকে হ্যাটট্রিক করেন ৩৮ বছর বয়সী বেনজেমা।
লিগে এখন পর্যন্ত ২০ ম্যাচ শেষে আল-নাসর এক পয়েন্ট পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে। শীর্ষে আছে আল-হিলাল। উল্লেখযোগ্য বিষয় হলো, দুই ক্লাবই সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের নিয়ন্ত্রণাধীন।
আরটিভি/এসকে