বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:০৪ পিএম
নারী এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ নারী ক্রিকেট দল। থাইল্যান্ডের ব্যাংককে আগামী ১৩ ফেব্রুয়ারি এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যরা দেশের পথে রওনা হয়েছেন।
দলের একজন কর্মকর্তা জানিয়েছেন, টুর্নামেন্টে বড় স্বপ্ন নিয়ে বাংলাদেশ দল অংশগ্রহণ করছে। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করা হয়েছে। দলের নেতৃত্বে থাকবেন ফাহিমা খাতুন।
তিনি আরও বলেন, আমরা দলের স্কোয়াড সাজিয়েছি ভালো ফর্মে থাকা খেলোয়াড়দের নিয়ে। চ্যাম্পিয়ন হওয়াই মূল লক্ষ্য, যদিও প্রতিযোগিতা কঠিন হবে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে দারুণ পারফরম্যান্স করা সাদিয়া আক্তার এবার রাইজিং স্টার্সের দলে সুযোগ পেয়েছেন। জাতীয় দলে ফেরার সুযোগ হিসেবে ‘এ’ দলে ডাক পেয়েছেন সুমনা।
নারী এশিয়া রাইজিং স্টার্সে বাংলাদেশ ‘বি’ গ্রুপে রয়েছে, যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও থাইল্যান্ড। ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত খেলছে।
বাংলাদেশের প্রথম ম্যাচ হবে ১৪ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার সঙ্গে। ১৬ ফেব্রুয়ারি স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে খেলবে লাল-সবুজের মেয়েরা। ১৮ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে দল। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২২ ফেব্রুয়ারি।
এশিয়া কাপ রাইজিং স্টার্সের জন্য বাংলাদেশ দল: ফাহিমা খাতুন (অধিনায়ক), শামীমা সুলতানা, ইশমা তানজিম, রুবাইয়া হায়দার ঝিলিক, জান্নাতুল ফেরদৌস সুমনা, শরিফা খাতুন, শারমিন সুলতানা, ফারিহা ইসলাম, সাদিয়া আক্তার, ফারজানা ইয়াসমিন, সানজিদা আক্তার মেঘলা, তাজ নেহার, লতা মণ্ডল ও ফাতেমা জাহান।
স্ট্যান্ডবাই: দিশা বিশ্বাস, মিষ্টি রানী সাহা, হালিমাতুল সাদিয়া ও হাবিবা ইসলাম পিংকি।
আরটিভি/এসকে