images

খেলা / ক্রিকেট

ভারতের কাছে হারার পর পাকিস্তানি সমর্থকের টিভি ভাঙচুরের ঘটনা ভাইরাল

সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ , ০২:৩৬ পিএম

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনার পারদ চড়া। তবে সাম্প্রতিক সময়ে এই মহারণ যেন একপেশে হয়ে উঠেছে। ভারত ক্রিকেট দলের ধারাবাহিক আধিপত্যের সামনে বারবারই ব্যর্থ হচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। 

রোববার (১৫ ফেব্রুয়ারি) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচেও একই চিত্র দেখা গেছে। বৃষ্টির শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত নির্বিঘ্নেই ম্যাচটি সম্পন্ন হয়। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৫ রান তোলে ভারত। জবাবে ১৮ ওভারে মাত্র ১১৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ফলে ৬১ রানের বড় জয় পায় ভারত। 

ভারতের ওপেনার ঈশান কিষাণ ৪০ বলে ৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে ১০টি চার ও ৩টি ছক্কা। ম্যাচসেরাও হন তিনি। পাকিস্তানের হয়ে লড়াই করার মতো উল্লেখযোগ্য কোনো জুটি গড়ে ওঠেনি।

ভারতের কাছে পরাজয়ের পর এক পাকিস্তানি সমর্থকের টিভি ভাঙচুরের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, পাকিস্তানের জার্সি পরা এক ব্যক্তি টিভি মাটিতে আছাড় মারার পর ব্যাট দিয়ে বারবার আঘাত করছেন। দলের বাজে পারফরম্যান্সে হতাশা থেকেই এমন প্রতিক্রিয়া বলে মনে করা হচ্ছে।

ম্যাচটি দেখতে প্রেমাদাসা স্টেডিয়াম ছিল ‘হাউসফুল’। উপস্থিত ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এবং ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক রহিত শর্মাসহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তি। 

তবে পাকিস্তানের দ্রুত উইকেট পতনের মাঝে মহসিন নাকভিকে ম্যাচ শেষ হওয়ার আগেই স্টেডিয়াম ত্যাগ করতে দেখা যায় এমন একটি ভিডিওও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন
shoaib

ভারতের কাছে হারের পর নাকভিকে ধুয়ে দিলেন শোয়েব আখতার

টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত দুই দলের ৯ বারের দেখায় ৮ বারই জয় পেয়েছে ভারত। পাকিস্তান জিতেছে মাত্র একবার ২০২১ সালের বিশ্বকাপে ১০ উইকেটের ঐতিহাসিক জয়। সর্বশেষ ২০২২ এশিয়া কাপে পাকিস্তান ভারতকে হারালেও গত সাড়ে তিন বছরে দুই দলের ১০ দেখায় ৯টিতেই জয় ভারতের।

এই জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে জায়গা নিশ্চিত করেছে ভারত। অন্যদিকে ধারাবাহিক ব্যর্থতায় সমালোচনার মুখে পাকিস্তান দল ও টিম ম্যানেজমেন্ট।

আরটিভি/এসকে