বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ , ০৮:৪২ পিএম
দীর্ঘ ক্যারিয়ারের সমাপ্তি ঘনিয়ে আসার আগেই সার্জিও বুসকেটস এক অনন্য বিশ্বরেকর্ডের অংশ হয়ে গেলেন। আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির সঙ্গে মিলেমিশে পেশাদার ফুটবলে মোট ৬৫৩টি ম্যাচে খেলেছেন বুসকেটস, যা আধুনিক ফুটবলে বিরল।
বুসকেটস ২০২৫ মৌসুম শেষে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির জার্সিতে পেশাদার ফুটবলকে বিদায় জানান। তবে শেষ পর্যন্ত মেসির সঙ্গে একসঙ্গে মাঠে নেমে গড়েছেন দীর্ঘমেয়াদি একটি কীর্তি। আইএফএফএইচএস-এর পরিসংখ্যান অনুযায়ী, এই দুই তারকা ২০০৮ সালের ১৩ সেপ্টেম্বর বার্সেলোনার হয়ে প্রথমবার একসঙ্গে খেলেন এবং এরপর ১৭ বছরেরও বেশি সময় ধরে একসঙ্গে মাঠে নামে।
৬৫৩ ম্যাচের মধ্যে ৫৬৯টি ম্যাচ তারা খেলেছেন বার্সেলোনার জার্সিতে, লা লিগা, চ্যাম্পিয়নস লিগ ও কোপা দেল রে-সহ সব বড় প্রতিযোগিতায় অসংখ্য সাফল্য এসেছে তাদের হাতে। পরবর্তীতে যুক্তরাষ্ট্রে ইন্টার মায়ামির হয়ে খেলেছেন আরও ৮৪টি ম্যাচ।
মজার বিষয় হলো, যৌথ ম্যাচের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বুসকেটসের সাবেক সতীর্থ জেরার্ড পিকের সঙ্গে ৬২০টি ম্যাচ খেলে। এছাড়া জার্মান কিংবদন্তি থমাস মুলার ও ম্যানুয়েল নয়ার একসঙ্গে ৬১১টি ম্যাচ খেলে তালিকায় নাম লিখিয়েছেন।
ফুটবলে দীর্ঘ সময় একই ক্লাবে, একই কৌশল ও ছন্দে খেলার ধারাবাহিকতা খুবই কম দেখা যায়। মেসি ছিলেন সৃজনশীলতার প্রতীক, আর বুসকেটস ছিলেন মাঝমাঠের নীরব নিয়ন্ত্রক। তাদের বোঝাপড়া প্রায় টেলিপ্যাথির মতো।
যদিও বুসকেটসের অধ্যায় শেষ, মেসির সঙ্গে গড়া ৬৫৩ ম্যাচের বিশ্বরেকর্ড ফুটবল ইতিহাসে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
আরটিভি/এসকে