images

খেলা / ফুটবল

এবার অবসরের কথা জানিয়ে দিলেন নেইমার

শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:৩১ এএম

ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার চলতি বছরের শেষ দিকে অবসর নেওয়ার কথা ভাবছেন বলে জানিয়েছেন। সাম্প্রতিক মৌসুমগুলোতে চোটে জর্জরিত থাকায় নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথাও খোলাখুলি স্বীকার করেছেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার। খবর বিবিসির। 

২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে রেকর্ড ২০০ মিলিয়ন পাউন্ড ট্রান্সফারে প্যারিস সেন্ট জার্মেই এ যোগ দেন নেইমার। যা এখনও ফুটবল ইতিহাসের সর্বোচ্চ ট্রান্সফার ফি। তবে ফ্রান্সে তার সময়টা বারবার চোটে বাধাগ্রস্ত হয়। পরে সৌদি আরবের আল-হিলালে যোগ দিলেও সেখানেও ইনজুরির দুর্ভোগ পিছু ছাড়েনি। 

২০২৫ সালের জানুয়ারিতে আল-হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন নেইমার। পরে চুক্তির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের শেষ পর্যন্ত করা হয়। তবে হাঁটুর অস্ত্রোপচারের কারণে গত বছরের ডিসেম্বরের শেষ দিকে মাঠের বাইরে চলে যান তিনি এবং জানুয়ারিতে ব্রাজিলিয়ান মৌসুমের শুরুটাও মিস করেন। গত সপ্তাহে মাঠে ফেরেন এই ফরোয়ার্ড।

ব্রাজিলের অনলাইন চ্যানেল ‘কেইজ’-কে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেন, এখন থেকে কী হবে জানি না, আগামী বছর নিয়েও নিশ্চিত নই। হয়তো ডিসেম্বর এলে অবসর নিতে ইচ্ছে করতে পারে। আমি এখন বছর বছর করে ভাবছি।

ব্রাজিল জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমার। তার গোলসংখ্যা ৭৯, যা কিংবদন্তি পেলের চেয়েও দুইটি বেশি। তবে ২০২৩ সালের অক্টোবরের পর থেকে জাতীয় দলের হয়ে আর মাঠে নামা হয়নি তার।

আরও পড়ুন
iftekhar-ahmed

নিজের ছেলেও ইফতিখার আহমেদকে ডাকতেন ‘চাচা’ বলে

বিশ্বকাপ সামনে রেখে জাতীয় দলে জায়গা পাওয়াটা বড় চ্যালেঞ্জ হবে বলেও স্বীকার করেছেন নেইমার। ইতালীয় কোচ কার্লো আনচেলত্তির অধীনে বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়া সহজ হবে না বলে জানান তিনি।

নেইমার বলেন, এই বছরটা খুব গুরুত্বপূর্ণ শুধু সান্তোসের জন্য নয়, ব্রাজিল জাতীয় দলের জন্যও, কারণ এটি বিশ্বকাপের বছর। আর আমার জন্যও এটি বিশেষ গুরুত্বপূর্ণ।

আরটিভি/এসকে