পাকিস্তানের অলরাউন্ডার ইফতিখার আহমেদ ক্রিকেট বিশ্বে যিনি এখন বেশি পরিচিত ‘চাচা’ নামেই। মাঠে সতীর্থরা কিংবা প্রতিপক্ষের খেলোয়াড়রা মজা করে তাকে ‘চাচা’ বলে ডাকলে তা মেনে নেওয়াই যায়। কিন্তু নিজের ছেলেই যখন বাবাকে ‘চাচা’ বলে ডাকে তখন ব্যাপারটা যে একটু অস্বস্তিকর, তা স্বীকার করেছেন ইফতিখার নিজেই।
এক পডকাস্টে হাস্যরসের ছলে ইফতিখার জানান, একদিন তিনি মোবাইল ফোনে ব্যস্ত ছিলেন। তখন তার ছেলে প্রথমে ‘বাবা বাবা’ বলে ডাকলেও হঠাৎ করেই বলে ওঠে ‘চাচা’। বিষয়টি শুনে ইফতিখার সঙ্গে সঙ্গেই ছেলেকে সংশোধন করে বলেন, না বেটা, আমাকে ভাই বলে ডাকো।
তবে চাচা নামের পেছনের গল্পটা ক্রিকেটভক্তদের কাছে বেশ উপভোগ্য। এক সময় জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে এমনই এক মুহূর্ত তৈরি হয়েছিল, যেখান থেকে এই ডাকনামের জন্ম। সেই ম্যাচে ব্রেন্ডন টেলরের বিপক্ষে বোলিং করার সময় অধিনায়ক বাব্র আজমকে ইফতিখার ফিল্ডিং পরিবর্তনের পরামর্শ দেন। তার ধারণা অনুযায়ী সেট করা ফিল্ডিংয়েই বল গিয়ে ধরা পড়ে, আউট হন ব্রেন্ডন টেলর।
উইকেট পড়ার পর স্টাম্প মাইকে বাবর আজমকে বলতে শোনা যায়, ওয়েল ডান, চাচা-এ ক্রিকেট! অর্থাৎ অভিজ্ঞতা আর বুদ্ধির ক্রিকেট। সেই মন্তব্যই দ্রুত ভাইরাল হয়ে যায়। ম্যাচ শেষে ইফতিখার দেখেন, তার মোবাইল ভরে গেছে ‘চাচা’ ডাকনামের বার্তায়।
এই অভিজ্ঞতা নিয়ে ইফতিখার নিজেই একবার বলেছিলেন, মানুষ কোটি টাকা খরচ করে ব্র্যান্ড বানায়। আমি তো এমনিতেই একটা ব্র্যান্ড হয়ে গেছি।
২০২৩ সালে বিপিএল খেলতে এসে তিনি এই গল্পটি শেয়ার করেছিলেন।
সেই থেকেই সতীর্থ থেকে শুরু করে সমর্থক সবার কাছেই তিনি ‘চাচা’। আর এখন তো নিজের ছেলেও একসময় সেই তালিকায় ছিল! সব মিলিয়ে বিষয়টি এখন ইফতিখার আহমেদের কাছে নিছকই মজার স্মৃতি, যা তিনি হাসিমুখেই উপভোগ করছেন।
আরটিভি/এসকে




