সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ , ০৮:৫২ এএম
লিগে শীর্ষস্থানের লড়াইয়ে বড় সুবিধা পেল বার্সেলোনা। শনিবার (২১ ফেব্রুয়ারি) রিয়াল মাদ্রিদ ওসাসুনার কাছে ২-১ গোলে হেরে যাওয়ায় কাতালানদের সামনে সুযোগ তৈরি হয় পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার। সেই সুযোগ পুরোপুরি কাজে লাগিয়েছে হান্সি ফ্লিকের দল।
রোববার (২২ ফেব্রুয়ারি) লেভান্তের বিপক্ষে ঘরের মাঠে ৩-০ গোলের সহজ জয় তুলে নেয় বার্সেলোনা। এই জয়ের ফলে লিগ টেবিলের শীর্ষস্থান নিজেদের করে নেয় তারা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বার্সেলোনা। ম্যাচের পঞ্চম মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন বার্নাল। দারুণ ফিনিশে ১-০ ব্যবধানে লিড পায় স্বাগতিকরা।
৩২তম মিনিটে আবারও ব্যবধান বাড়ায় বার্সা। জোয়াও ক্যানসেলোর নিখুঁত পাস থেকে গোল করেন ফ্রেংকি ডি ইয়ং। প্রথমার্ধ শেষে ২-০ ব্যবধানে এগিয়ে থাকে বার্সেলোনা।
পুরো ম্যাচজুড়েই জোয়াও ক্যানসেলো ছিলেন দলের অন্যতম ভরসা। প্রথম দুই গোলেই তার অবদান ছিল চোখে পড়ার মতো। রবার্ট লেভানডোভস্কিও আক্রমণে সক্রিয় ছিলেন এবং একাধিক সুযোগ তৈরি করেন।
দ্বিতীয়ার্ধেও একই একাদশ নিয়ে মাঠে নামে বার্সেলোনা। ৮০তম মিনিটে দূর থেকে নেওয়া শটে দলের তৃতীয় গোলটি করেন ফেরমিন লোপেজ। তার শট পোস্টের পাশ ঘেঁষে জালে জড়িয়ে ম্যাচের ফল নিশ্চিত করে দেয়।
চোট কাটিয়ে দলে ফিরেছেন পেদ্রি। এই ম্যাচে বদলি হিসেবে কিছু সময় মাঠে নামেন তিনি। পাশাপাশি শুরুর একাদশে ফিরেছেন রাফিনিয়া। এই জয়ের মাধ্যমে রিয়াল মাদ্রিদকে টপকে লা লিগার শীর্ষস্থান দখল করল বার্সেলোনা। যা শিরোপা লড়াইয়ে তাদের অবস্থান আরও শক্ত করল।
আরটিভি/এসকে