images

খেলা / ক্রিকেট

রেকর্ড গড়ে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:১৪ এএম

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রেকর্ডের ম্যাচ খেলল ওয়েস্ট ইন্ডিজ। শুরুটা যেমন ছিল রেকর্ডের, শেষটাও হলো ইতিহাস ছুঁয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে জিম্বাবুয়েকে ১০৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ক্যারিবীয়রা। এর মধ্য দিয়ে এবারের বিশ্বকাপে সর্বোচ্চ ব্যবধানে জয়ের নতুন রেকর্ড গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে গ্রুপ পর্বে ওমানের বিপক্ষে শ্রীলঙ্কার ১০৫ রানের জয়ই ছিল সবচেয়ে বড় ব্যবধান।

২৫৫ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই সাজঘরে ফেরেন তিন ব্যাটার। সপ্তম ওভারে পড়ে চতুর্থ উইকেট। ব্যর্থতার তালিকায় ছিলেন ব্রায়ান বেনেট (৫), মারুমানি (১৪), রায়ান বার্ল (০) ও ডিওন মেয়ার্স (২৮)।

পঞ্চম উইকেটে সিকান্দার রাজা ও টনি মুনয়োঙ্গা কিছুটা প্রতিরোধ গড়লেও প্রয়োজনীয় রানরেট ধরে রাখতে পারেননি। রাজা করেন ২৭, মুনয়োঙ্গা ১৪ রান। শেষদিকে ব্র্যাড ইভান্স ২১ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেললেও তাতে পরাজয় এড়ানো যায়নি। জিম্বাবুয়ের ইনিংস থামে ১৪৭ রানে।

বল হাতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে সফল ছিলেন গুদাকেশ মোতি ২৮ রানে ৪ উইকেট। ৩টি উইকেট নেন আকেল হোসেন।

এর আগে টস জিতে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠান। শুরুতে ব্রেন্ডন কিং (৯) ও সাই হোপ (১৪) দ্রুত ফিরলেও এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন শিমরন হেটমায়ার ও রোভম্যান পাওয়েল।

চতুর্থ ওভারে ক্যাচ মিসে জীবন পেয়ে আগ্রাসী ব্যাটিং শুরু করেন হেটমায়ার। পাওয়েলকে সঙ্গে নিয়ে মাত্র ৫২ বলে গড়েন ১২২ রানের জুটি। ১৯ বলে ফিফটি পূর্ণ করা হেটমায়ার ৩৪ বলে ৮৫ রান করেন (৭ চার, ৭ ছক্কা)। পাওয়েলও ফিফটি তুলে নেন ৩৫ বলে ৫৯ রান।

শেষ দিকে শেরফাইন রাদারফোর্ড (১৩ বলে ৩১*), রোমারিও শেফার্ড (১০ বলে ২১), জেসন হোল্ডার (৪ বলে ১৩) ও ম্যাথু ফোর্ডে ব্যাট হাতে ঝড় তোলেন। নির্ধারিত ২০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় ২৫৪ রান।

আরও পড়ুন
BANGLADESH-VS-SA

বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের সূচি প্রকাশ দক্ষিণ আফ্রিকার

এই ইনিংসটি টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। পাশাপাশি চলমান আসরেরও সর্বোচ্চ স্কোর এটি। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ দলীয় ইনিংসের তালিকায় ২৫৪ রান উঠে এসেছে দ্বিতীয় স্থানে শীর্ষে রয়েছে কেনিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার ২৬০ রানের ইনিংস।


আরটিভি/এসকে