বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ , ০৫:৪২ পিএম
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে চমক দেখিয়ে সুপার এইট নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। দলের এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সিকান্দার রাজা। সেই সঙ্গে সাইম আইয়ুবকে পেছনে ফেলে আইসিসির টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন জিম্বাবুয়ের অধিনায়ক।
সাইম এবং রাজার মধ্যে এই ইঁদুর দৌড় চলছে অনেক দিন ধরেই। কিছুদিন আগে শীর্ষে ফিরেছিলেন সাইম। এবার জিম্বাবুয়েকে সুপার এইটে তোলায় বড় অবদান রেখে শীর্ষে ফিরলেন রাজা। বর্তমানে রাজার রেটিং ২৯৪, সাইমের রেটিং ২৮১।
এ ছাড়া ভারতের শিভাম দুবে ২ ধাপ এগিয়ে ৭ম এবং আফগানিস্তানের মোহাম্মদ নবী ৩ ধাপ এগিয়ে উঠেছেন ৮ম স্থানে।
অন্যান্য র্যাঙ্কিংয়েও বদল এসেছে। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন বিশ্বকাপে ধুঁকতে থাকা ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। ইংল্যান্ডের ফিল সল্ট রয়েছেন দ্বিতীয় স্থানে।
পাকিস্তানের সাহিবজাদা ফারহান ২ ধাপ এগিয়ে ৩য় স্থানে উঠেছেন, এখনও পর্যন্ত বিশ্বকাপের সর্বোচ রানসংগ্রাহক তিনিই। ভারতের হয়ে ফর্মের তুঙ্গে থাকা ঈশান কিষাণ এগিয়েছেন ৩ ধাপ, রয়েছেন ৫ম স্থানে।
দক্ষিণ আফ্রিকার হয়ে ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে আলো ছড়ানো ডেওয়াল্ড ব্রেভিস ১০ ধাপ এগিয়ে রয়েছেন ৯ম স্থানে। আফগানিস্তানের ইবরাহিম জাদরান ৪ ধাপ এগিয়ে ১৩তম, ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ ৪ ধাপ এগিয়ে রয়েছেন ১৪তম স্থানে। ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক ১০ ধাপ এগিয়ে রয়েছেন ১৮ নম্বরে।
ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১৩ ধাপ এগিয়ে ২৮ নম্বরে রয়েছেন ভারতের শিভাম দুবে। সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ ওয়াসিম ৩ ধাপ এগিয়ে রয়েছেন ৩৩ নম্বরে। ওয়েস্ট ইন্ডিজের রভম্যান পাওয়েল ৫ ধাপ এগিয়ে ৪০ নম্বরে আছেন।
ম্যাচ না খেলেও ২ ধাপ এগিয়েছেন বাংলাদেশের পারভেজ হোসেন ইমন, রয়েছেন ৪১ নম্বরে। ১৬ ধাপ উন্নতি করে ওয়েস্ট ইন্ডিজের শিমরন হেটমায়ার আছেন ৪২ নম্বরে।
আরটিভি/এসআর