বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:০৮ পিএম
কয়েকদিন আগে সেনাবাহিনীর হাতে মাদক চক্রের নেতা নেমেসিও ওসেগুয়েরা কারভান্টেস ওরফে ‘এল মেনচো’ নিহত হওয়ার পর তান্ডব চালায় কার্টেল চক্রের সদস্যরা। যার প্রভাব পড়ে মেক্সিকো বিশ্বকাপের স্বাগতিক শহর গুয়াডালাজারাতে। তবে এই ঘটনা বিশ্বকাপ আয়োজনে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা এএফপিকে জিয়ান্নি ইনফান্তিনো বলেন, আমি খুবই আশাবাদী, সবকিছু ভালো আছে। এটি দারুণ এক আসর হতে যাচ্ছে।
এর আগে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবম বিশ্বকাপ দর্শকদের জন্য কোনো ঝুঁকি নেই বলে আশ্বস্ত করেন এবং তাদের নিরাপত্তায় পূর্ণ নিশ্চয়তা দেওয়ার কথা জানান।
শক্তিশালী জালিসকো নিউ জেনারেশন কার্টেল (সিজেএনজি)-এর নেতা নিহত হওয়ার পর সারা দেশ, বিশেষ করে গুয়াডালাজারা সহিংসতায় কেঁপে ওঠে। শহরের কাছে একটি খামারে তাকে ধরার অভিযানে এবং পরবর্তী সংঘর্ষে অন্তত ৭৪ জন নিহত হন।
কার্টেলের বন্দুকধারীরা দেশের ৩২টি অঙ্গরাজ্যের মধ্যে ২০টিতে সড়ক অবরোধ করে যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেয়। বিশ্বকাপ শুরুর চার মাসেরও কম সময় আগে এই অরাজকতা ও সহিংসতার ছবি বিশ্বজুড়ে প্রচারিত হয়। এ নিয়ে সোমবার ফিফা মন্তব্য করতে অস্বীকৃতি জানায়।
আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই অনুষ্ঠিতব্য বিশ্বকাপের তিন আয়োজক দেশের মধ্যে মেক্সিকো একটি, অন্য দুটি হলো যুক্তরাষ্ট্র ও কানাডা।
জালিস্কো অঙ্গরাজ্যের রাজধানী গুয়াডালাজারায় বিশ্বকাপের গ্রুপ পর্বেও চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম রাউন্ডের বহুল প্রতীক্ষিত উরুগুয়ে বনাম স্পেনের ম্যাচও রয়েছে।
এছাড়া গুয়াডালাজারা ও মন্টেরেতে যৌথভাবে মার্চের শেষে বিশ্বকাপের প্লে-অফ রাউন্ড অনুষ্ঠিত হবে। এখান থেকে বিশ্বকাপের শেষ দুটি দলের যোগ্যতা নির্ধারিত হবে।
আরটিভি/এসআর