বুধবার, ০৪ মার্চ ২০২৬ , ০১:৫৯ পিএম
গ্রুপ পর্ব ও সুপার এইটের উত্তাপ পেরিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ এখন সেমিফাইনালের মঞ্চে। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে দুই শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।
এবারের আসরে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্ব থেকে শুরু করে সুপার এইট সব জায়গাতেই ছিল তাদের আধিপত্য। সর্বশেষ ম্যাচে জিম্বাবুয়েকে পাঁচ উইকেটে হারিয়ে আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে প্রোটিয়ারা। দুই বছর আগের বিশ্বকাপে শিরোপার খুব কাছে গিয়েও স্বপ্নভঙ্গ হয়েছিল। এবার সেই আক্ষেপ ঘোচানোর মিশনে নামছে ডেভিড মিলারদের দল। ভারতের মাটিতে তাদের ধারাবাহিক পারফরম্যান্সে ফাইনালে যাওয়ার সম্ভাবনাও দেখছেন বিশ্লেষকরা।
অধিনায়ক এইডেন মার্করামের নেতৃত্বে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ভারসাম্যপূর্ণ দক্ষিণ আফ্রিকা সেমির বাধা টপকাতে মুখিয়ে আছে।
অন্যদিকে নিউজিল্যান্ডের পথটা ছিল তুলনামূলক কঠিন। সুপার এইট থেকে তারা সেমিফাইনালে উঠেছে রান রেটের সুবিধা নিয়ে। পুরো টুর্নামেন্ট জুড়েই হঠাৎ ব্যাটিং ধসের প্রবণতা ভুগিয়েছে ব্ল্যাক ক্যাপসদের।
অধিনায়ক মিচেল স্যান্টনারের দল জানে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এমন ভুলের সুযোগ নেই। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে চারবার সেমিফাইনাল খেললেও এখন পর্যন্ত তাদের সর্বোচ্চ অর্জন রানার্স আপ হওয়া। এবার সেই গণ্ডি পেরিয়ে ফাইনালে ওঠার বড় সুযোগ কিউইদের সামনে।
চলমান বিশ্বকাপ নানা বিতর্কে আলোচিত হলেও দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড আপাতত সেসব পাশ কাটিয়ে ফাইনালের দিকেই চোখ রাখছে। ইডেনের আলোয় আজ নির্ধারিত হবে কারা আরও একধাপ এগিয়ে শিরোপার লড়াইয়ে নামবে।
আরটিভি/এসকে