images

খেলা / ক্রিকেট

নির্বাচক হতে আবেদন করেছেন সাবেক টাইগার ক্রিকেটাররা

বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ০৩:০৭ পিএম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই শুরু হয়েছে আলোচনা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রোববার বিজ্ঞপ্তি দিয়ে আগ্রহী প্রার্থীদের আগামী ৮ মার্চের মধ্যে আবেদন জমা দিতে বলেছে। বৃহস্পতিবার পর্যন্ত একাধিক সাবেক ক্রিকেটার আবেদন করেছেন কিংবা করার প্রস্তুতি নিয়েছেন বলে জানা গেছে।

আবেদনকারীদের তালিকায় রয়েছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এছাড়া আবেদন করেছেন বা করবেন এমনদের মধ্যে আছেন ইলিয়াস সানি, নাইম ইসলাম, তুষার ইমরান, নাদিফ চৌধুরি, জাভেদ ওমর বেলিম ও মোহাম্মদ রফিক। নতুন মুখ হিসেবেও কয়েকজন আগ্রহ প্রকাশ করেছেন, যাদের মধ্যে শামসুর রহমান শুভর নাম শোনা যাচ্ছে।

তবে জাতীয় দলের নির্বাচক হওয়ার দৌড়ে এগিয়ে থাকলেও আবেদন করবেন না বলে স্পষ্ট জানিয়েছেন সাজ্জাদ আহমেদ শিপন। এদিকে প্রধান নির্বাচকের দৌড়ে আলোচনায় থাকা হাবিবুল বাশার সুমন এখনও আবেদন করেননি। তবে তিনি দ্রুতই আবেদন করবেন বলে জানা গেছে।

বিসিবির শর্ত অনুযায়ী, নির্বাচক পদে আবেদন করতে হলে প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ মিলিয়ে অন্তত ১০০ ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি বিচারিক সক্ষমতা, দক্ষতা এবং যোগাযোগে পারদর্শিতা প্রয়োজন। নির্বাচকদের নিয়োগ দেওয়া হবে দুই বছরের জন্য। তাদের দায়িত্বের মধ্যে থাকবে জাতীয় দল ও ‘এ’ দলের জন্য খেলোয়াড় নির্বাচন এবং পাইপলাইনে থাকা সম্ভাবনাময় ক্রিকেটারদের পর্যবেক্ষণ।

আরও পড়ুন
harri

১৫ মাসের কারাদণ্ড পেলেন হ্যারি ম্যাগুয়ার

উল্লেখ্য, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দুই বছরের জন্য প্রধান নির্বাচকের দায়িত্ব নেন গাজী আশরাফ হোসেন লিপু। তার চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ফেব্রুয়ারিতে। এছাড়া গত অক্টোবরে বিসিবি নির্বাচনে অংশ নিতে নির্বাচকের পদ ছাড়েন আব্দুর রাজ্জাক।

লিপু ও রাজ্জাকের শূন্যস্থান পূরণ করতেই এবার দুজন নতুন নির্বাচক নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি। নতুনদের মধ্যে একজন প্রধান নির্বাচকের দায়িত্ব পাবেন।

আরটিভি/এসকে